কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ৪০তম দিন আজ শুক্রবার। তনুর চেহলাম উপলক্ষে গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার ও তনুমঞ্চ দিনটি উপলক্ষে তাঁকে স্মরণ করবে।
তনুর বাবা ইয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘মির্জাপুর গ্রামের দুটি মসজিদে বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশের সিঙ্গারিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ডাল-ভাত খাওয়ানো হবে। তনুর কবর জিয়ারত করা হবে।’
কারও নাম উল্লেখ না করে ইয়ার হোসেন বলেন, ‘ওরা ফাঁকি দিয়ে বাঁচতে পারবে না। মানুষের চোখে ধুলা দিয়ে বাঁচতে পারবে না। আমি কেন, পুরো দেশ বলবে মেয়েটা কোন জায়গায় খুন হয়েছে।’
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি ও তনুমঞ্চের সংগঠক রাশেদুল ইসলাম বলেন, তনুর জন্য সংগঠনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে।
গত ২০ মার্চ রাতে ময়নামতি সেনানিবাসের একটি ঝোপ থেকে তনুর লাশ উদ্ধার করা হয়।