তনুর জন্য কাঁদলেন গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তনু হত্যাকাণ্ড
তনু হত্যাকাণ্ড

কলেজছাত্রী সোহাগী জাহান তনুর চেহলাম উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে কাঁদলেন গ্রামবাসী। গতকাল শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে চেহলামে আসা স্বজন ও এলাকাবাসীর অনেকেই প্রথম আলোকে বলেন, তাঁরা চান তনু হত্যার রহস্য উদ্‌ঘাটিত হোক। বিচার হোক।
জুমার নামাজের পর তনুদের গ্রামের বাড়িতে যান মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনসুর উদ্দিন ও বাঙ্গরা থানার ওসি মোয়াজ্জেম হোসেন খান। তাঁরা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
বিচার প্রসঙ্গে জানতে চাইলে তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘কী কইতাম বাবা, কওয়ার মতো কিছু নেই। মেয়েটা নেই, এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। কত হাসিখুশি ছিল মেয়ে আমার। এখন বিচারের দিকেই তাকিয়ে আছি।’

তনুর বাবা ইয়ার হোসেন বলেন, ‘সারা দিন বাড়িতে আত্মীয়স্বজন আসছেন। কেউ সান্ত্বনা দিচ্ছেন। কেউ জড়িয়ে ধরে কাঁদছেন। কী বলব আর?’

তবে নানা চাপের কারণে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার ও তনু মঞ্চ কোনো কর্মসূচি পালন করতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। তনুদের বাড়িতে থিয়েটারের কর্মীদের আমন্ত্রণ জানানো হলেও তাঁরা উপস্থিত হননি। এ প্রসঙ্গে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি রাশেদুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি সাড়া দেননি।

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘তনু হত্যা নিয়ে কোনো কর্মসূচি করতে বারণ রয়েছে। এখন কলেজ কর্তৃপক্ষ যদি সংগঠন বন্ধ করে দেয়, তাহলে আমাদের নাট্যচর্চা বন্ধ হয়ে যাবে। তনুদের গ্রামের বাড়ি যাওয়ার জন্য মাইক্রোবাস ভাড়া করা হয়েছিল, শেষ মুহূর্তে যাওয়া বাতিল করা হয়।’

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ ময়নামতি সেনানিবাসের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় গত ২০ মার্চ রাতে। হত্যাকাণ্ডের ৪০ দিন পার হলেও এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনও পাওয়া যায়নি।