তনুর পরিবারের সঙ্গে দেখা করলেন সিআইডির নতুন কর্মকর্তা
কলেজছাত্রী সোহাগী জাহান তনুর পরিবারের সঙ্গে দেখা করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন বিশেষ পুলিশ সুপার ও মামলার অন্যতম তদন্ত তদারক কর্মকর্তা শাহরিয়ার রহমান।
আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ও অন্য তদারক কর্মকর্তাদের নিয়ে কুমিল্লা সেনানিবাসে তনুদের বাসায় যান শাহরিয়ার রহমান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। মামলার তদন্ত কার্যক্রম চলছে বলে পরিবারকে আশ্বস্ত করেন। মামলার বাদী তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন ও তনুর মা আনোয়ারা বেগম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘বিকেল সাড়ে পাঁচটার দিকে সিআইডির ওই কর্মকর্তাসহ অন্যরা আমাদের বাসায় আসেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাঁরা বের হয়ে যান। আমি তদন্ত কর্মকর্তাদের বলেছি, চার মাস পাঁচ দিন অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত আমার মেয়ের খুনিদের শনাক্ত করা হয়নি। ডিএনএ প্রোফাইল মেলানো হয়নি। তদন্ত কার্যক্রমে ভাটা পড়েছে। জবাবে তাঁরা বলেছেন, তদন্ত চলছে। হতাশ হওয়ার কোনো কারণ নেই।’
মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘মামলার তদন্ত তদন্তের গতিতে চলছে। তদন্তাধীন বিষয়ে আমি কোনো কথা বলব না।’
গত ২০ মার্চ কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ২১ মার্চ তনুর বাবা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গত ১ এপ্রিল থেকে এ মামলার তদন্ত করছে সিআইডি। এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। এমনকি সন্দেহভাজনদের ডিএনএ মেলাতে পারেনি সিআইডি। যদিও ইতিমধ্যে তিনজনের ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে। এরই মধ্যে ১১ জুলাই মামলার তদন্ত তদারক কর্মকর্তা নাজমুল করিম খানকে রাজশাহীতে বদলি করা হয়।