জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মো. নজরুল ইসলাম বলেছেন, কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের বিষয়ে মানবাধিকার কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। তনুর কাপড়ে যে তিনটি ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে, তা মেলানোর জন্য কমিশনের পক্ষ থেকে বলা হবে।
গতকাল বুধবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে কুমিল্লায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মো. নজরুল ইসলাম এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপপরিচালক এ কে এম মামুনুর রশিদ, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহানারা বেগম, জেলার মো. মুজিবুর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক কাজী আরফান আশিক, সহকারী পরিচালক সুস্মিতা পাইক প্রমুখ।
মো. নজরুল ইসলাম এর আগে সকালে জেলা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের বলেন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়ার পরও ৫৩ জন বন্দী মুক্তি পাননি। এ ছাড়া ১ হাজার ৭৪২ জনের ধারণক্ষমতার এ কারাগারে বর্তমানে বন্দী রয়েছে ২ হাজার ৯৮৯ জন। কারাগারে ব্যবস্থাপনায় নানা অসংগতি থাকার কথাও বলেন তিনি।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ গত ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকার ঝোপ থেকে উদ্ধার করা হয়। এ হত্যার তদন্তপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় তনুর পরিবারসহ বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করে আসছে।