তনুর বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ খতিয়ে দেখবে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তনু হত্যাকাণ্ড
তনু হত্যাকাণ্ড

কলেজছাত্রী সোহাগী জাহান তনুর বাবা ইয়ার হোসেনকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করার যে অভিযোগ তনুর মা করেছেন, সেটা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সিআইডির কুমিল্লা কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার মো. নাজমুল করিম খান।
তনু হত্যা মামলার তদন্ত-তদারক কর্মকর্তা নাজমুল করিম খান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এসব কথা বলেন। তিনি বলেন, তনুর বাবার জীবনের হুমকি আছে কি না, সেটাও তদন্ত করে দেখা হবে।
কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল প্রথম আলোকে বলেন, তনুর বাবাকে কেউ গাড়িচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, এমনটা তাঁর জানা নেই। তবে এমন কিছু হয়ে থাকলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা দরকার ছিল।
গত সোমবার তনুর মা আনোয়ারা বেগম কুমিল্লায় এক সমাবেশে অভিযোগ করেন যে, তনুর বাবাকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনো বাহিনীর বিরুদ্ধে কথা বলছি না। আমরা বলছি, যারা তনুকে হত্যা করেছে, তাদের আইনের কাছে তুলে দেওয়া হোক। এ মামলা নিয়ে তনুর বাপের শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।’
তনু হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সিআইডির বিশেষ সুপার নাজমুল করিম খান বলেন, ‘১ এপ্রিল মামলার দায়িত্ব নেওয়ার পর সিআইডির তদন্তে অগ্রগতি রয়েছে। দ্বিতীয় ময়নাতদন্তে ডাক্তাররা বলতে বাধ্য হয়েছেন মৃত্যুর আগে যৌন সংসর্গ হয়েছে। এটাই আমাদের প্রাথমিক অগ্রগতি।’ তিনি বলেন, ‘অপরাধীদের শনাক্ত করা সময়ের ব্যাপার মাত্র।’
নাজমুল করিম বলেন, হত্যার আগে তনুকে অন্তত তিনটা লোক ধর্ষণ করেছে। তাঁর পরনের পোশাকে এর আলামত পাওয়া গেছে। এটা সত্য। এটা প্রতিষ্ঠিত করতে সন্দেহভাজন ব্যক্তিদের ডিএনএ মেলানো হবে। এ জন্য সময় দিতে হবে।