তনুশ্রী পদক পেলেন সামিনা লুৎফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সৃজন ছন্দে, হূদয়ানন্দে জাগে ধরিত্রী/ মঞ্চালোকের পাদপ্রদীপ তুমি অনন্য তনুশ্রী’— প্রয়াত সহশিল্পীর স্মৃতিচারণা করে স্মরণখাতায় এ কথা লিখেছেন নাট্যধারার একজন নাট্যকর্মী। তুনশ্রী গায়েন। নাটকের দল নাট্যধারার সম্ভাবনাময় নবীন শিল্পী। হঠাৎ করেই আক্রান্ত হয়েছিলেন দুরারোগ্য ব্যাধিতে। ২০০০ সালের ২৯ নভেম্বর বিদায় নেন তনুশ্রী। তাঁর স্মৃতি ধরে রেখে তরুণ নাট্যকর্মীদের সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর নাট্যধারা তনুশ্রী পদক প্রদান করে আসছে। গতকাল রোববার ছিল তনুশ্রী পদক বিতরণীর দশম আয়োজন। এবার পদক পেলেন তরুণ নাট্যকর্মী সামিনা লুৎফা। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এই পদক তুলে দেন।গত বছর থেকে এ পদক প্রদান আয়োজনে যুক্ত হয়েছে ‘তনুশ্রী স্মারক বক্তৃতা’। এবার বক্তৃতা করেন মফিদুল হক। আলোচনায় অংশ নিয়েছেন শামসুল আলম ও মাসুদ পারভেজ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল নাট্যধারার নাটক কাঁদো নদী কাঁদো। সামিনা লুৎফা নাটকের দল বটতলার একজন প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৯৬ সালে সুবচন নাট্য সংসদে যোগ দেওয়ার মধ্য দিয়ে তাঁর নাট্যচর্চা শুরু।