তনুসহ সব হত্যা-ধর্ষণের বিচার দাবি রংপুরে
তনুসহ সব হত্যা-ধর্ষণের বিচারের দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের আয়োজনে রংপুরে গতকাল শনিবার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
রংপুর প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলাকালে সংগঠনের দপ্তর সম্পাদক কামরুন্নাহার খানম সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি আহসানুল আরেফিন প্রমুখ।
বক্তারা বলেন, একের পর এক হত্যা-নির্যাতনের বিচার না হওয়ায় জনগণ আতঙ্কের মধ্যে বসবাস করছে। তাঁরা আরও বলেন, নারী যখন আক্রমণের শিকার হয়েছে তখন কেউ কেউ ধর্ষকের বিচার না চেয়ে নারীর পোশাককে দায়ী করেছেন। তাঁদের ভাষায়, নারীরা ধর্ম মেনে চললে, পর্দা করলে এ পরিস্থিতি হতো না। অন্যদিকে সারা দেশে যেখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, হামলা হচ্ছে, সেখানেও নারীদের নৃশংসভাবে নির্যাতন ও খুন করা হচ্ছে।
বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে সামাজিক-সাংস্কৃতিক ও নৈতিক দিক থেকে প্রতিরোধের শক্তিকে জোরদার করুন।