কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল রোববার ফেনীতে মানববন্ধন হয়েছে। ‘যৌন নিপীড়নবিরোধী তরুণ মঞ্চ’ নামে একটি বেসরকারি সামাজিক সংগঠনের উদ্যোগে শহরের ট্রাংক রোডে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য দেন তরুণ মঞ্চের নেতা খোন্দকার মোশারফ হোসেন, শ্রীকান্ত দেবনাথ ও মো. বাবর। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা তনুসহ সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তাঁরা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি শুরু হয়েছে। এই সংস্কৃতি ভাঙতে না পারলে মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে না। তখন সব হত্যার দায় সরকারের ওপর বর্তাবে।
বক্তারা ২৫ এপ্রিল প্রগতিশীল ছাত্রজোট আহূত অর্ধদিবস হরতাল কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।