তন্নী হত্যার বিচারের দাবিতে সমাবেশ

খুলনার সাবেক সাংসদ আবদুল গফফার বিশ্বাসের পুত্রবধূ সারাহ্ তন্নী হত্যা মামলার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত অভিযোগপত্র দেওয়ার দাবিতে সমাবেশ করেছে একাধিক নাগরিক সংগঠন। তন্বীর জন্মদিনে গতকাল রোববার নগরীর শহীদ হাদিস পার্কে এ আয়োজন করা হয়।
খুলনা নগরের নূরনগর এলাকার শ্বশুরবাড়ি থেকে গত ৭ এপ্রিল গৃহবধূ তন্বীর লাশ উদ্ধার করে পুলিশ। তন্নী সোহেল বিশ্বাসের তৃতীয় স্ত্রী ছিলেন। সোহেল মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি গফফার বিশ্বাসের ছোট ছেলে। গফফার বিশ্বাস খুলনা-৩ (খালিশপুর-খানজাহান আলী- দৌলতপুর) আসনের সাংসদ ছিলেন। এ ঘটনায় ১২ এপ্রিল নিহত তন্বীর মা সোহেল বিশ্বাস ও ননদ ইতি বিশ্বাসকে আসামি করে হত্যা মামলা করেন।
তন্নী স্মৃতি সংরক্ষণ কমিটি ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল ১০টায় এই সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন নিহত তন্বীর মামা আসাদুজ্জামান। সমাবেশের শুরুতে গণসংগীতের মাধ্যমে তন্নী হত্যার বিচার চাওয়া হয়। এরপর তন্বীর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, তন্বীর হত্যার তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়ার পর এর গতি ধীর হয়ে গেছে। দুই মাস ধরে মামলার তদন্তের কোনো অগ্রগতি নেই। অন্যদিকে তন্বীর স্বামী জামিন পেয়ে তন্বীর পরিবারকে অব্যাহতভাবে হুমকি দিচ্ছেন। বক্তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগপত্র দাখিল এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য দেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী মোমিনুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি বি এম জাফর, সাধারণ সম্পাদক মো. পির আলী, নাগরিক সমাজের আহ্বায়ক আ ফ ম মহসীন, জন উদ্যোগের আহ্বায়ক কুদরত-ই-খুদা, ব্লাস্টের সমন্বয়কারী অশোক কুমার সাহা, নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি অলোকানন্দা দাস, নারীনেত্রী তসলিমা খাতুন, জেসমিন জাহান, হামিদা লায়লা খান, মেরিনা যুথী, শামীমা সুলতানা, নিহত তন্বীর মা সামিয়া আক্তার, বাবা মো. কামরুল ইসলাম প্রমুখ।