তন্বী হত্যা মামলার অগ্রগতিতে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-৩ আসনের সাবেক সাংসদ আবদুল গফফার বিশ্বাসের পুত্রবধূ সারাহ্ ফারগুশান তন্বী হত্যা মামলার বিচার এবং সারা দেশে নারী ও শিশু হত্যার প্রতিবাদে প্রতিবাদী সংগীত ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। তন্বীর প্রথম মৃত্যুবার্ষিকীতে গতকাল বৃহস্পতিবার সকালে নগরের রয়্যাল মোড়ে তন্বী স্মৃতি সংরক্ষণ কমিটি এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, আলামত ও নিহতের ছবি দেখলে যে কেউ ধারণা করবেন এটি ছিল হত্যাকাণ্ড। অথচ মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। এ বিষয়ে সিআইডির কাছে জানতে চাইলে বাদীপক্ষ কোনো সদুত্তর পায় না। অন্যদিকে আসামি সোহেল বিশ্বাস আদালত থেকে জামিন নিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন।
কর্মসূচিতে তন্বী ছাড়াও কুমিল্লার তনুসহ সারা দেশে নারী ও শিশু হত্যার প্রতিবাদ এবং খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তন্বীর মামা ও তন্বী স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্যসচিব আসাদুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন নাগরিক সংগঠন জন উদ্যোগের সদস্যসচিব মহেন্দ্রনাথ সেন। বক্তব্য দেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী মোমিনুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি বি এম জাফর, সাধারণ সম্পাদক মো. পির আলী, নাগরিক সমাজের আহ্বায়ক আ ফ ম মহসীন, জন উদ্যোগের আহ্বায়ক কুদরত-ই-খুদা, ব্লাস্টের সমন্বয়কারী অশোক কুমার সাহা, নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি অলোকানন্দা দাস, নারীনেত্রী তসলিমা খাতুন, তন্বীর মা সামিয়া আক্তার ও বাবা মো. কামরুল আলম। মানববন্ধনের শুরুতে গণসংগীতের মাধ্যমে তন্বী হত্যার বিচার চাওয়া হয়।
নগরের নূরনগর এলাকার শ্বশুরবাড়ি থেকে গত বছরের ৭ এপ্রিল তন্বীর লাশ উদ্ধার করে পুলিশ। তন্বী সাংসদের ছোট ছেলে সোহেল বিশ্বাসের স্ত্রী ছিলেন।
এ ঘটনায় ১২ এপ্রিল তন্বীর মা বাদী হয়ে সোহেল বিশ্বাস ও তাঁর বোন ইতি বিশ্বাসকে আসামি করে হত্যা মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে হত্যা মামলা হিসেবে থানায় রেকর্ড করে ২২ এপ্রিলের মধ্যে তা জানানোর জন্য খালিশপুর থানার ওসিকে নির্দেশ দেন। এরপর ৫ মে সোহেল বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। তাতে সোহেল বিশ্বাসের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।