তন্ময়ের ওপর হামলার ঘটনায় শিবিরের ১৫ কর্মীর নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তন্ময় আহমেদের ওপর হামলার ঘটনায় শিবিরের ১৫ কর্মীকে আসামি করে গাইবান্ধার পলাশবাড়ী থানায় একটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর মা ফারজানা বেগম বাদী হয়ে মামলাটি করেন।
মামলা প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মামলার আসামিরা সবাই শিবিরের কর্মী। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। ১০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের মানিক মিয়ার ছেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ পাঁচ বন্ধুকে নিয়ে রিকশাভ্যানে উপজেলা সদর যাচ্ছিলেন। পলাশবাড়ী সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে নয় মুখোশধারী ব্যক্তি তন্ময়ের ওপর অতর্কিতে হামলা চালায়। তন্ময় বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তন্ময় আহমেদ দাবি করেন, ব্লগে লেখালেখি ও শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয় শিবির কর্মী ও ক্যাডাররাই তাঁর ওপর ওই হামলা চালিয়েছে।