২৫ বছর আগের কথা। বাজারে তরিতরকারি কিনছিলেন তপন দাস। শিম কিনতে গিয়ে হঠাত্ চোখ পড়ে পাকা ও শুকনো কয়েকটি শিমের ওপর। শিমগুলো ছিল মোটা ও পুষ্ট। কি মনে করে অন্য শিমের সঙ্গে শুকনো ওই শিমগুলোও নিলেন তপন। বাড়িতে এনে বীজগুলো আলাদা করে রেখে দেন সযত্নে। পরের বছর সেই বীজ বাড়ির আঙিনায় লাগান। তর তর করে বেড়ে ওঠে গাছটি। দেখতে দেখতে প্রচুর শিম ধরে গাছে, যা সচরাচর চোখে পড়ে না। শিমগুলো দেখতেও বেশ বড়। ১৫-২০টায় এক কেজি হয়ে যায়।নতুন শিমের বীজগুলো কুড়িয়ে পাওয়া মানিকের মতো আগলে রাখেন তপন। পরের বছর বাড়ির পাশের অনাবাদি জমিতে ওই শিমের চাষ করেন। এবারও প্রচুর ফলন পান। কৃষকেরা আসেন তপন দাসের কাছে। জানতে চান এত বড়, মোটা আর পুষ্ট শিমের রহস্য। কাউকেই নিরাশ করেন না তপন। সবার হাতে কিছু বীজ তুলে দেন। সে বছর গ্রামের অনেক কৃষক চাষ করেন জাতপাতহীন সেই শিম। সাফল্য আসে অভাবনীয়।দেখতে দেখতে নতুন জাতের শিমটি জনপ্রিয় হয়ে ওঠে। ছড়িয়ে পড়ে জেলার সদর উপজেলা, বোরহানউদ্দিন, চরফ্যাশনসহ অন্যান্য উপজেলায়। মাঠের পর মাঠ ছেয়ে যায় নতুন জাতের শিমে। বিভিন্ন স্থানে গিয়ে কথা হয় শিমচাষিদের সঙ্গে। সবাই জানালেন এককথা, বীজ পেয়েছেন তপন দাদুর কাছে। ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোরালিয়া গ্রামের মানুষ এই তপন দাস। তাঁর বয়স এখন ৫৬ বছর। কে এই তপন দাস: তাঁর পৈতৃক বাড়ি কোরালিয়া গ্রামে। সে বাড়িটি তেঁতুলিয়া নদী ভেঙে নিয়ে গেছে। বাড়িটি একবার নিয়েই খান্ত হয়নি নদী। গত ২৫ বছরে আটবার ভাঙনের শিকার হয়েছে। তপন দাসের সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে বাপ্পী দাস (২১) বাবাকে চাষবাসে সাহায্য করেন। নদীর ভাঙনে সব হারিয়ে পরিবার-পরিজন নিয়ে তপন এখন অন্যের জমিতে ঘর তুলে থাকেন। জমিটি স্থানীয় নকিব চৌধুরীর কাছ থেকে ইজারা নিয়েছেন তপন। ‘কাঁথা’ শিমের জয়জয়কার: একসময় শুধু শীত মৌসুমে সবজি চাষ করত ভোলার লোকজন। এখন দিন পাল্টেছে। কৃষকেরা এখন বারো মাসই শিম ছাড়াও অন্যান্য সবজি চাষ করেন। চারপাশে বেগুনি রং, মাঝখানে গাঢ় সবুজ। ওজন বেশি ও মোটার কারণে স্থানীয় লোকজন একে ‘তপন দাসের কাঁথা (কাঁথার মতো পুরো বলে) শিম’ বলে ডাকে।তপন দাস জানালেন, তিনি ও তাঁর ভাইয়েরা যখন ব্যবসায়িক ভিত্তিতে ওই শিম চাষ শুরু করলেন, তখন কোরালিয়া গ্রামের অন্য কৃষকদের চোখ পড়ল। তাঁরাও তাঁর কাছ থেকে বীজ নিয়ে শিম চাষ শুরু করলেন। বর্তমানে চার উপজেলার পাঁচ শতাধিক কৃষক এই শিম চাষ করছেন। শুধু কোরালিয়া গ্রামেরই দুই শতাধিক কৃষক ২৫০ একর জমিতে এ বছর শিম চাষ করেছেন। আর কৃষি অধিদপ্তরের স্থানীয় কার্যালয়ের তথ্যমতে, এ বছর প্রায় ৫০০ একর জমিতে শিম চাষ হয়েছে।‘কাঁথা’ শিমের বৈশিষ্ট্য: ২৫ বছর ধরে শিমের চাষ করে তপন দাস কিছু বিশেষত্ব খুঁজে পেয়েছেন। সেগুলো হলো—এ শিম আষাঢ়ের শেষে, ভাদ্রের প্রথমে লাগালে অগ্রহায়ণে শিম বিক্রি করা যায়। গড়ে ১ শতাংশ জমিতে সাড়ে তিন মণ ফলন পাওয়া যায়। তবে অনেক খেতে সাত-আট মণ হতে পারে। ফুল থেকে শিম বের হওয়ার ৮-১২ দিনের মাথায় শিম বিক্রির উপযুক্ত হয়। সাফল্য পেয়েছেন অনেকে: দক্ষিণ কোরালিয়া গ্রামের আলমগীর মালের (৫০) খেতে গিয়ে দেখা যায়, তিনি ও দিনমজুরেরা মিলে শিমের পাতাগুলো তুলে ফেলছেন। পাতা কেন তুলছেন—এমন প্রশ্নের জবাবে আলমগীর বলেন, ‘গাছের জোর কমাইয়্যা, ফলের জোর বারাইয়্যা দিলাম।’ তিনি ১০ বছর ধরে কাঁথা শিম চাষ করছেন। বর্তমানে দুই একর ২০ শতাংশ জমিতে এই শিমের আবাদ করেছেন। চলতি বছরের অগ্রহায়ণ থেকে এ পর্যন্ত ১১০ মণ শিম বিক্রি করেছেন। মৌসুমের শুরুতে তিনি ৫৫-৬০ টাকা দরে শিম বিক্রি করেছেন। বর্তমানে প্রতি কেজির মূল্য ১৬-১৮ টাকা। মৌসুমের শেষ পর্যন্ত তিনি এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ মণ শিম বিক্রি করতে পারবেন বলে ধারণা করছেন। তাতে তাঁর ফলন দাঁড়াবে প্রতি শতাংশে সাড়ে সাত মণ। এ শিমের বীজ কোত্থেকে সংগ্রহ করেছেন—এ প্রশ্নের জবাবে আলমগীর মাল জানান, ১০ বছর আগে তপন দাদুর কাছ থেকে বীজ সংগ্রহ করেছেন। বোরহানউদ্দিন উপজেলার পৌরসভা ও পক্ষিয়া গ্রামে এ বছর ‘কাঁথা’ শিমচাষির সংখ্যা পঞ্চাশে দাঁড়িয়েছে। পক্ষিয়া গ্রামের পুরোনো শিমচাষি কৃষ্ণ সুতার (৪৭) বলেন, ‘কোরালিয়ার তপন দাসের কাছ থেকে এ শিমের বীজ সংগ্রহ করেছি।’ তপন দাস বললেন, ‘খায়ের হাট হচ্ছে এ অঞ্চলের সবচেয়ে বড় হাট। তেঁতুলিয়া পার হয়ে পটুয়াখালীর বাউফলের পাইকারেরা নানা রকম তরকারি বেচতে আসতেন এ হাটে। তখন মাঘের শেষ। শিমে পাক ধরেছে। বাউফলের ব্যাপারিদের কাছ থেকে কেনা কাঁচা-পাকা শিমের মধ্যে ওই জাতটা খুঁজে পেলাম। বাড়ির বৌ-ঝিরা সেগুলো থেকে কিছু পাকা শিম সংরক্ষণে রাখে বীজ করার জন্য। ১১ ভাইয়ের কোন বউ রেখেছিল সেটা, মনে নেই।’কৃষি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কথা: ভোলা সদর উপজেলার কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, যেহেতু কার্তিক মাসে হয়, তাই এই শিমকে ‘কার্তিক জল’ বলা হয়। ভোলায় এর ব্যাপক চাষ হচ্ছে। কৃষকেরাও স্বাবলম্বী হচ্ছেন। তপন দাসের হাত ধরে এ শিম ভোলায় ছড়িয়ে পড়েছে বলে তিনিও শুনেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ শিম ১ শতাংশে গড়ে ১৫-২০ কেজি হয়। সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) আবু নোমান বলেন, ‘ছোট থেকেই তপন দাদুর কাঁথা শিমের চাষ দেখে আসছি। এলাকার বয়োজ্যেষ্ঠসহ সবাই জানে তিনিই শিমের ওই জাতটি আবিষ্কার করেছেন।’ স্থানীয় লোকজনের অনেকে আক্ষেপ করে বললেন, ২৫ বছর আগে নতুন জাতের ওই শিম আবিষ্কারককে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়নি। তাঁর নামে নামকরণ করা হয়নি শিমটির। সরকারি নাম রাখা হয়েছে ‘কার্তিক’ বা ‘কার্তিক জল’।