তপনের সঙ্গে মহিষের ভাব
হালের মহিষ দুটি কিছুতেই বাগে আনতে পারেন না বাড়ির অন্য কেউ। হালের জোয়ালেও ভেড়াতে পারেন না। কিন্তু সাড়ে সাত বছর বয়সী তপন রায় যেই ওদের উদ্দেশে চড়া গলায় বলে হোম, হো...ম, অমনি এরা শান্ত হয়ে যায়; তপনের কথায় জোয়ালে ঘাড় ভেড়ায়, মাঠ থেকে বাড়ি ফেরে।পাড়া-প্রতিবেশী এমনকি পরিবারের অন্য সদস্যরাও ছোট্ট তপনের সঙ্গে মহিষ দুটোর সখ্য দেখে অবাক হন। চার মাস আগে মহিষ দুটি বাড়িতে আসার পর থেকে এগুলোকে খাওয়ানো, গোসল করানো, মাঠে চড়ানো—এক কথায় দেখভালের সার্বিক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে তপন। সদর উপজেলার আদিবাসী গ্রাম দেলবাড়ির বর্গাচাষি বাসুদেবের ছেলে তপন প্রথম শ্রেণীতে পড়ে। তপনের বাবা-মা এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার বছর বয়স থেকেই বাড়িতে গরু-বাছুর, মহিষের দেখভাল শুরু করে সে। সমবয়সীদের চেয়ে গরু-মহিষের সঙ্গেই তার ভাব বেশি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে কিছু সময় গরু-মহিষের দেখাশোনা করে। এরপর বেলা একটায় স্কুল থেকে ফিরে আর তর সয় না তার। গামলায় ভাত-তরকারি নিয়ে গামছায় বেঁধে বাড়ির গরু-মহিষগুলো নিয়ে মাঠের পথে রওনা দেয় সে। মাঠে গরু-মহিষ ছেড়ে দিয়ে সেখানে বসেই দুপুরের খাবার খেয়ে নেয়।জানতে চাইলে তপন বলে, ‘অদের চরিয়্যা চরিয়্যা হামার অভ্যাস হয়্যা গেছে। অরগে সাথে হামার ভাবও হয়্যা গেছে। অরা হামার কথা বুঝে।’