নীলফামারীর ডোমার উপজেলার ডোমার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল গতকাল রোববার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বামুনিয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে উপনির্বাচনেরও তফসিল ঘোষণা করা হয়। গতকাল উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী এই ঘোষণা দেন। আগামী ১৮ নভেম্বর ওই দুটি উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। সেকেন্দার আলী জানান, ডোমার ইউপির চেয়ারম্যান পদের প্রার্থীদের আগামী ২১ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ২২ অক্টোবর মনোনয়নপত্র বাছাই এবং ২৯ অক্টোবর প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। চলতি বছরের ১০ জুন ওই ইউপির চেয়ারম্যান মতিউর রহমান বাবু মারা গেলে পদটি শূন্য হয়। বামুনিয়া ইউপির ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) নির্বাচিত সদস্য সন্ধ্যা রানী রায় স্বেচ্ছায় পদত্যাগ করায় ওই পদটিও শূন্য ঘোষণা করা হয়।