তফসিল ঘোষণার পরেও সরেনি পোস্টার-বিলবোর্ড
নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। কিন্তু পাবনার বেড়া উপজেলার বিভিন্ন এলাকা এখনো নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুনে ছেয়ে আছে। এগুলোর জন্য সড়ক-মহাসড়কের কয়েকটি মোড়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, প্রথম দফায় ২২ মার্চ বেড়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন প্রভৃতি থাকা অবৈধ।
কিন্তু গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার কাশীনাথপুর, রাজনারায়ণপুর, নাটিয়াবাড়ী, হাটুরিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার, মোড় ও লোকসমাগমের স্থান এখনো ভরে আছে রঙিন পোস্টার, ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনে। এর মধ্যে কাশীনাথপুর মোড়ে সবচেয়ে বেশি বিলবোর্ড আর ফেস্টুন। পাবনা-বগুড়া মহাসড়কে অবস্থিত গুরুত্বপূর্ণ এই মোড়ের সড়কদ্বীপটি অনেকটাই ঢাকা পড়েছে এসব বিলবোর্ড-ফেস্টুনে। এর ফলে সড়কদ্বীপটির শুধু সৌন্দর্যই নষ্ট হচ্ছে না, নিরাপত্তাও বিঘ্ন হচ্ছে। বিলবোর্ড-ফেস্টুনের কারণে এই মোড় দিয়ে যাতায়াতকারী যানবাহনগুলোর চালকদের উল্টোদিক থেকে আসা যানবাহন দেখতে সমস্যা হচ্ছে।
কাশীনাথপুর মোড়ে কথা হয় সিএনজিচালক সিরাজুল ইসলাম ও বাবু মিয়ার সঙ্গে। তাঁরা বলেন, মাসখানেক ধরে এই মোড়ে দিন দিন বিলবোর্ড-ফেস্টুন বেড়েই চলেছে। এগুলোর কারণে উল্টোদিক থেকে আসা বড় ট্রাক ও বাস দেখতে সমস্যা হয়।
কাশীনাথপুর মোড়ের একটি বহুতল ভবনের শীর্ষে দেখা যায় চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক এক ব্যক্তির ডিজিটাল বিলবোর্ড। স্থানীয় লোকজন বলেন, বিলবোর্ড-ফেস্টুন নিয়ে নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। কে কত বড় ও কত বেশি বিলবোর্ড-ফেস্টুন স্থাপন করতে পারেন, তার হিড়িক পড়ে গেছে।
উপজেলার রামনারায়ণপুরে গিয়ে দেখা যায়, নাকালিয়া-নাটিয়াবাড়ী সড়কের পাশে বাঁশের খুঁটির সঙ্গে টাঙানো হয়েছে প্রচুর বিলবোর্ড ও ফেস্টুন। স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেনসহ চার-পাঁচজন বলেন, এ ইউনিয়নে (জাতসাকিনী) চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক পাঁচজন এবং ইউপি সদস্য পদে প্রার্থী হতে ইচ্ছুক ১০-১২ জন ব্যক্তি বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন লাগিয়েছেন।
বিলবোর্ড-ফেস্টুন লাগিয়েছেন এমন দুজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলীয় মনোনয়ন পাওয়াটা এবার বেশ গুরুত্বপূর্ণ। এ জন্য শুধু সাধারণ ভোটারের দৃষ্টি আকর্ষণের জন্য নয়, দলীয় নেতা-কর্মীদের দৃষ্টি আকর্ষণ ও সমর্থন পেতেও প্রচারণা চালাতে হচ্ছে। তবে সময়মতো এগুলো সরিয়ে নেওয়া হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশন থেকে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হলেও তাঁরা এ উপজেলায় তফসিলের বিজ্ঞপ্তি প্রকাশ করবেন আজ ১৪ ফেব্রুয়ারি। তফসিল ঘোষণার পর বিলবোর্ড, ফেস্টুন প্রভৃতি থাকা অবৈধ। এগুলো সরিয়ে নেওয়ার জন্য শিগগিরই মাইকিং করা হবে। এর পাশাপাশি নোটিশও দেওয়া হবে।