নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচন আগামী ১০ জানুয়ারির মধ্যে হওয়ার কথা। কিন্তু সীমানা নির্ধারণ সম্পর্কিত গেজেট প্রকাশ না হওয়ায় এখন পর্যন্ত তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এর মধ্যে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা প্রচারণা শুরু করে দিয়েছেন।গত ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন), ২০০৯ আইন অনুযায়ী সিটি করপোরেশন গঠনের ১৮০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করার সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে কুমিল্লার ২৭টি ওয়ার্ডের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা গণসংযোগ, মতবিনিময় সভা, পোস্টার, ফেস্টুন ও ব্যানার লাগিয়ে প্রচারণা শুরু করে দিয়েছেন। ঈদকে সামনে রেখে প্রচারণায় মুখর হয়ে উঠেছে সিটি করপোরেশন এলাকা।নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে কি না এ নিয়ে ভোটার ও সম্ভাব্য প্রার্থীরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন।গতকাল কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, সীমানা নির্ধারণ ও ওয়ার্ডভিত্তিক সুষম ভোটার তালিকা তৈরির পর নির্বাচন হওয়া উচিত।কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাংসদ মো. মুজিবুল হক বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই এ নির্বাচন দিতে হবে।