তফসিল ঘোষণা পর্যন্ত সংসদ চলতে পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলতে পারে। কেবল নির্বাচনকালীন সংসদ বসার ৬০ দিনের বাধ্যবাধকতা নেই।
আজ রোববার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ২৪ অক্টোবরের কর্মসূচির ঘোষণা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের নেতা ২৪ অক্টোবরের পরে নাকি কেয়ামত করে ফেলবেন। যদি পরিস্থিতি তেমন হয়, তাহলে জনগণকে রক্ষা করার দায়িত্ব সরকারের।’
নির্বাচন কমিশন নিয়ে তোলা বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বিরোধী দলের নেতাসহ সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করে অনুসন্ধান কমিটি গঠন করেন। এরপর নির্বাচন কমিশন গঠন করা হয়। শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশনের অধীনেই স্থানীয় নির্বাচনে ১৮-দলীয় জোট জয়ী হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, এত জনপ্রিয়তা থাকলে ভয় কিসের?
বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।