তফসিল ঘোষণা হলেই বিএনপির হরতাল, অবরোধ
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশব্যাপী টানা হরতাল বা অবরোধ দেবে প্রধান বিরোধী দল বিএনপি। তবে পরিস্থিতি অনুযায়ী কর্মসূচির ধরন ও দিনক্ষণ নির্ধারণ করে দলের নেতাদের জানাবেন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক বৈঠকের পর এসব সিদ্ধান্ত নেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
বৈঠক সূত্রে আরও জানা যায়, আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ থেকে নির্বাচন কমিশন ঘেরাও অথবা দেশব্যাপী গণবিক্ষোভ কর্মসূচির ঘোষণা হতে পারে। আগামী রোববার বা সোমবার এসব কর্মসূচি পালন করার সম্ভাবনা আছে।
বিক্ষোভ-সমাবেশ আজ: নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনের প্রতিবাদ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিক্ষোভ-সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
ঢাকার বাইরে সারা দেশে জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়েও একই কর্মসূচি পালন করবে বিরোধীদলীয় এ জোট।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।