তফসিল ঘোষণা হয়নি, ব্যানার পোস্টারে ছেয়ে গেছে নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। অথচ শুরু হয়ে গেছে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীদের নানামুখী প্রচার। ব্যানার, ফেস্টুন ও নানা রঙের পোস্টারে ছেয়ে গেছে কুমিল্লা নগর।নগরের প্রধান-অপ্রধান সড়ক ছাপিয়ে অলিগলিও ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ভরে গেছে। উর‌্যাসবমুখর হয়ে উঠেছে কুমিল্লার রাজনৈতিক অঙ্গন। কে পাবেন দলের সমর্থন—এ নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। আর বড় দুটি দলেই রয়েছে কোন্দল ও একাধিক সম্ভাব্য মেয়র পদপ্রার্থী।দলীয় সূত্র এবং ব্যানার ও পোস্টার দেখে জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মেয়র পদে নির্বাচন করতে চান। গত শুক্রবার রাতে তাঁর সমর্থকেরা সিটি করপোরেশন এলাকাজুড়ে ৩০ হাজার পোস্টার সেঁটেছেন। এর সপ্তাহ খানেক আগে ৪৫০টি ফেস্টুন লাগিয়ে পুরো শহরে মেয়র পদে প্রার্থী হওয়ার কথা জানান দেন তিনি।এর আগে ফেস্টুন হয়েছে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে আওয়ামী লীগের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিন, একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা পৌরসভার সদ্য বিদায় নেওয়া মেয়র মনিরুল হক সাক্কু এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিমের নামে। পিছিয়ে নেই ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরাও।সরেজমিনে দেখা গেছে, নগরের কান্দিরপাড়, শাসনগাছা, টমছম ব্রিজ, পদুয়ার বাজার বিশ্বরোড, পুলিশ লাইন, চকবাজার, রেসকোর্স, রাজগঞ্জসহ বিভিন্ন স্থানে প্রার্থীরা বড় আকারের ছবি দিয়ে ব্যানার, পোস্টার করে ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন। অনেক প্রার্থী সংবাদপত্রের ভেতরে করে পাঠকদের ঈদকার্ডও পাঠাচ্ছেন।জানা গেছে, সম্ভাব্য প্রায় সব মেয়র পদপ্রার্থীই কর্মীদের চাঙা রাখতে ওয়ার্ডভিত্তিক বৈঠক করছেন। কেউ কেউ সামাজিক অনুষ্ঠানে হাজির হচ্ছেন। কিছুদিন আগেও যাঁদের সামাজিক অনুষ্ঠানে দেখা মেলেনি, তাঁরাও বিয়ে, জন্মদিনসহ নানা অনুষ্ঠানে যাচ্ছেন।জানতে চাইলে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে সংসদ সদস্য থেকে পদত্যাগ করে মেয়র পদে নির্বাচন করতে চাই। কুমিল্লাবাসী আমাকে মেয়র পদে যোগ্য ব্যক্তি মনে করে অনুসারীরা আমার নামে ফেস্টুন করেছে।’বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে তরুণ নেতৃত্বের প্রয়োজন বলে মনে করেন সাবেক ছাত্রলীগের নেতা আনিসুর রহমান। তিনি বলেন, দল সমর্থন দিলে নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।আওয়ামী লীগের নেতা আফজল খান বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে নির্বাচন করতে চাই।’জাতীয় পার্টির নেতা এয়ার আহমেদ সেলিম বলেন, ‘এরশাদ সাহেব আমাকে গত মে মাসে কুমিল্লার জনসভায় সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।’কুমিল্লা পৌরসভার সর্বশেষ মেয়র মনিরুল হকের মতে, মেয়র পদে সমর্থন দিতে বিএনপি তাঁকে নিরাশ করবে না।বিএনপির নেতা আমিন-উর রশিদ বলেন, তিনিও দলের সমর্থন চাইবেন। তবে দল যাঁকে সমর্থন দেবে, তিনিই মেয়র পদে প্রার্থী হবেন।কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার বলেন, ‘কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ একত্রে বসে মেয়র প্রার্থী ঠিক করবে। এ ক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত।’আগামী বছরের ১০ জানুয়ারির মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা। এরই মধ্যে সীমানা ও ওয়ার্ডভিত্তিক আপিল শুনানি শেষ হয়েছে। ভোটার তালিকাও প্রস্তুত করা হয়েছে। গত ১০ জুলাই কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভা নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন হওয়ায় কুমিল্লার নির্বাচন দ্রুত হবে, এমনটাই মনে করছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা।