ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার আগেই গণসংযোগে নেমে পড়েছেন আওয়ামী লীগের সদ্য সাবেক সাংসদ জসিম উদ্দিন আহাম্মেদ। গত তিন দিন নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের পক্ষে তিনি প্রচারণা চালিয়েছেন।২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী কিংবা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের তিন সপ্তাহ (২১ দিন) সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করিতে পারিবেন না।’গত নির্বাচনে জসিম উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাফিজ উদ্দিন আহম্মদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, তফসিল ঘোষণার আগে নির্বাচনী প্রচার ও গণসংযোগ নির্বাচনপূর্ব অনিয়মের মধ্যে পড়ে। জসিম উদ্দিন নীতিমালা লঙ্ঘন করেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে কোনো অভিযোগ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এত অনিয়ম হচ্ছে যে মুহূর্তে মুহূর্তে নালিশ করতে ইচ্ছে করে না।’ ১০ ফেব্রুয়ারি সংসদে ভোলা-৩ আসন শূন্য ঘোষণার পর গত শনিবার সকালে তজুমদ্দিনে এসে পৌঁছান জসিম উদ্দিন। সকাল ১০টায় লালমোহন ও তজুমদ্দিনের আওয়ামী লীগের নেতা-কর্মীরা তিন শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তাঁকে বরণ করে নেন। তজুমদ্দিন কুঞ্জের হাট এলাকা থেকেই পথে পথে তিনি জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান। বেলা ১১টায় তজুমদ্দিন আওয়ামী লীগের সভাপতি কাশেম তালুকদারের বাসায় এক কর্মিসভায় জসিম উদ্দিন বলেন, ভোলা-৩ আসন হাফিজকে ছেড়ে না দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করুন। এ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত না হলে লালমোহন ও তজুমদ্দিনের জনগণকে চরম খেসারত দিতে হবে। এলাকার কোনো উন্নয়ন হবে না।এরপর সন্ধ্যায় লালমোহন পৌরসভার মালেক চেয়ারম্যান সড়কে নিজ বাসায় কর্মী সম্মেলনে জসিম উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমি জানি না। তবে তাঁর সঙ্গে কথা বলে আমি এখানে এসেছি। তিনি যাঁকে মনোনয়ন দেবেন তাঁকেই নির্বাচিত করতে হবে। কর্মিসভায় তিনি আরও বলেন, রাগ-অনুরাগ ভুলে স্বাধীনতার সপক্ষের সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার পক্ষের প্রার্থীকে নির্বাচিত করতে হবে।গতকাল সোমবার সকালে পৌর এলাকার মুরব্বিদের সঙ্গে কুশল বিনিময় করেন জসিম উদ্দিন। পরে ধলীগৌর নগর ইউনিয়ন ও বিকেলে কালমা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কর্মী সমাবেশ করেন। এ ছাড়া প্রতিটি সড়কের মোড়ে, বাজারে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।জসিম উদ্দিন আহাম্মেদ উপনির্বাচন উপলক্ষে কর্মী সম্মেলন ও গণসংযোগের কথা প্রথম আলোর কাছে স্বীকার করেন। বিষয়টি নির্বাচন বিধিমালার লঙ্ঘন কি না, জানতে চাইলে তিনি পরে কথা বলতে বলেন। তবে পরবর্তী সময়ে একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।