তফসিল ঘোষণার আগেই প্রচারণা
আগামী ৩১ আগস্ট শরীয়তপুর পৌরসভার বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে। যেকোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে—এমনটা ভেবে প্রার্থীরা নানা কৌশলে প্রচারণা শুরু করেছেন। সম্ভাব্য মেয়র প্রার্থীরা পৌরবাসীর সমর্থন ও দোয়া চেয়ে বিভিন্ন স্থানে পোস্টার-ব্যানার লাগিয়েছেন।
সরেজমিনে ঘুরে পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শরীয়তপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে প্রচারণা চালাচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার। তাঁরা দুজনই নিজেদের মেয়র প্রার্থী মনোনীত করা হয়েছে বলে দাবি করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে পৌর এলাকায় ব্যানার ও পোস্টার লাগিয়েছেন।
দলীয় সমর্থন লাভ ও ভোটারদের মন জয় করতে গণসংযোগ করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আবদুর রব মুন্সী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমিন কোতোয়াল।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২০০৮ সালের ৪ আগস্ট শরীয়তপুর পৌরসভার নির্বাচন হয়। ১ সেপ্টেম্বর নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব নেন। চলতি বছরের ৩১ আগস্টের মধ্যে পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে পৌরসভায় ভোটার রয়েছেন ৩০ হাজার ৫৯১ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বলেন, ‘সাধারণত মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বিধান রয়েছে। আর এ রকম একটি নির্বাচন সম্পন্ন করতে আমাদের ৩০ হতে ৩৫ দিন সময় লাগে। নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করা হলে আমরা নির্বাচনী প্রক্রিয়া শুরু করব।’
নাসির উদ্দিন বলেন, ‘১৪ মে দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছি। তিনি পৌরসভা নির্বাচন করার অনুমতি দিয়েছেন। কর্মী-সমর্থকেরা চাঙা হওয়ার জন্য ব্যানার-পোস্টার লাগিয়েছেন।’
মাহবুবুর রহমান তালুকদার বলেন, ‘চেয়ারপারসনের সঙ্গে দেখা করে মেয়র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছি। তিনি প্রস্তুতি নিতে বলেছেন।’
মোশারফ হোসেন বলেন, ‘মেয়র পদে প্রার্থী হতে দলীয় সমর্থন চাই।’ নুরুল আমিন কোতোয়াল বলেন, ‘সাধারণ মানুষ মেয়র হিসেবে আমাকে তাদের পাশে চায়। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায় থেকে আমাকে নির্বাচন করার প্রস্তুতি নিতে বলা হয়েছে।’
মেয়র আবদুর রব মুন্সী বলেন, ‘তফসিল ঘোষণার পরে নির্বাচনী প্রচারণা শুরু করব। আওয়ামী লীগ আমাকে সমর্থন দেবে বলে আমি আশাবাদী। গত পাঁচ বছরে ব্যাপক উন্নয়ন করায় পৌরবাসীও আমাকে চায়।’