তফসিল ঘোষণার আগেই ‘নির্বাচনী প্রচারণা’ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল ঘোষণা হয়নি। নির্বাচন কমিশন নির্বাচনের তারিখও ঘোষণা করেনি। তবু নির্বাচনী প্রচারণায় মুখর সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড। নগরের প্রতিটি পাড়া-মহল্লায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা গণসংযোগ করছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়র পদে অন্তত ১০ জন এবং ২৭টি ওয়ার্ড ও নয়টি সংরক্ষিত আসনে শতাধিক সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আগাম নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এসব প্রার্থীর সমর্থনে এলাকাবাসীর দোয়া ও আশীর্বাদ চেয়ে নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, সুরমা মার্কেট, তালতলা, কাজীরবাজার, নবাব রোড, সুবিদবাজার, পাঠানটোলা, লামাবাজার, বিলপাড়, ভাতালিয়া, শেখঘাট, কাজলশাহ, মেডিকেল রোড, পুলিশ লাইনস, রিকাবীবাজার, সেনপাড়া, শিবগঞ্জ, রায়নগর, সোনারপাড়া, বাগবাড়ী, সাগরি-দীঘিরপাড়, নয়াসড়ক, আম্বরখানা, বড়বাজার, দক্ষিণ সুরমা, কদমতলী, হুমায়ুন রশীদ চত্বরসহ অর্ধশতাধিক স্থানে বিলবোর্ড ও পোস্টার লাগানো হয়েছে। এ ছাড়া আবাসিক ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের দেয়ালে পোস্টার সাঁটানো হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেয়র পদে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান লোদী কয়েসের সমর্থনে নগরের বিভিন্ন স্থানে বিলবোর্ড ও পোস্টার লাগানো হয়েছে।বিএনপির নেতা নাসিম হোসাইন বলেন, ‘প্রচারেই প্রসার। তাই সবাই বিলবোর্ড ও পোস্টার লাগিয়ে নিজেদের মতো করে প্রচারণায় অংশ নিচ্ছে। আমার কর্মী-সমর্থকেরাও তাই করেছে। যদিও এটি স্থানীয় নির্বাচন, তার পরও দলীয় সম্মতি আমার পক্ষেই থাকবে বলে মনে করি। আর এ লক্ষ্যেই মেয়র পদে নির্বাচন করার সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’ বিএনপির অপর নেতা রেজাউল হাসান লোদী কয়েস বলেন, ‘যেহেতু আমি একজন নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর, তাই মানুষের সঙ্গে যোগাযোগও আমার বেশি। ১০ বছর ধরে নগরবাসীর সুখে-দুঃখে পাশে অবস্থান করেছি। আগামী নির্বাচনে মেয়র পদে লড়তে চাই। সব ধরনের প্রস্তুতিও আমি নিচ্ছি। তবে নগরে আমার সমর্থনে যেসবপোস্টার লাগানো হয়েছে, সেগুলো আমার কর্মী-সমর্থকেরা করেছে, আমি করিনি।’১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে দেখা গেছে, এই ওয়ার্ডেই অন্তত ৩০ জন কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে পোস্টার লাগিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন জাবেদ আহমদ, নূরে আলম, নাজমুল হোসেন, রকিবুল ইসলাম, সাব্বির আহমদ, আমেনা বেগম রুমী, শামীম আহমদ, মো. আশরাফ উদ্দিন, মো. বদরুল ইসলাম, মৃণাল কান্তি দাস, হেলাল আহমদ, মো. আবুল ফয়েজ, আছকির আহমদ, সুফিয়া খানম ও রুহেনা খানম।কাউন্সিলর পদপ্রার্থীরা জানান, সামনে নির্বাচন। তাই এলাকাবাসীর সঙ্গে নিজেদের সার্বক্ষণিক যোগাযোগ রাখার মাধ্যম হিসেবে বিভিন্ন উৎসব ও উপলক্ষকে কেন্দ্র করে তাঁরা পোস্টার ও বিলবোর্ড লাগাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক নগরের কয়েকজন বাসিন্দা জানান, নির্বাচনের এখনো অনেক দিন বাকি রয়েছে। অথচ সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় মনে হচ্ছে কিছুদিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের কর্মী-সমর্থকেরা পোস্টার লাগিয়ে মানুষের বাড়ির দেয়াল নষ্ট করছেন।সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের মধ্যে বিলবোর্ড ও পোস্টার লাগানো কিংবা ব্যানার টানানোর জন্য সিটি করপোরেশনের কোনো অনুমতি নেওয়া হয়নি। অবৈধভাবে এসব বিলবোর্ড সাঁটানো হলেও সেসব উচ্ছেদে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘আমরা নিয়মিত অভিযান চালিয়ে এসব বিলবোর্ড ও পোস্টার সরিয়ে ফেলছি। কিন্তু কয়েক দিনের মধ্যেই সম্ভাব্য প্রার্থীদের কর্মী-সমর্থকেরা আবারও নতুন করে এগুলো লাগিয়ে দিচ্ছে।’ সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, নির্বাচন কমিশন এখনো সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করেনি। তাই প্রার্থিতা ঘোষণা করে পোস্টার ও বিলবোর্ড লাগানো অনৈতিক ও আইনের পরিপন্থী। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে মন্তব্য করেন তিনি।