
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে দেশ অচল করার হুমকি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাঁরা শুনেছেন, আগামী সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্দলীয় সরকারের দাবি না মেনে একতরফা নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলে ওই দিন থেকেই দেশ অচল করে দেওয়া হবে।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮-দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এই হুমকি দেন। তিনি এই সরকারের পতন ঘটানোর জন্য ঢাকাবাসীকে রাজপথে বের হয়ে আসার আহ্বান জানান।
মন্ত্রিসভা পুনর্গঠনের প্রতিবাদ, বিরোধীদলীয় নেতাদের মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করে ১৮ দল। সমাবেশ থেকে আগামীকাল রোববার সারা দেশে জেলা, উপজেলা ও থানা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।
মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সংলাপ ও সমঝোতার উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রপতির কোনো উদ্যোগ চোখে পড়েনি। উল্টো প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার সংসদে বলেছেন, রাষ্ট্রপতি তাঁকে নির্বাচনকালীন সময়ে রাষ্ট্র পরিচালনার অনুমতি দিয়েছেন। তিনি বলেন, বিরোধী দলের সব পথ বন্ধ হয়ে গেছে। ধৈর্য ধরার মতো কোনো সময় আর অবশিষ্ট নেই। একতরফা নির্বাচন প্রতিহত করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আর কোনো বিভাজন নয়। সরকারকে সরে যেতে বাধ্য করতে হবে। এ জন্য দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে জোরের সঙ্গে রাজপথে নামতে হবে।
বরাবরের মতো ১৮ দলের গতকালের সমাবেশ শুরু হয় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের একজন নেতার বক্তব্যের মধ্য দিয়ে। এরপর একে একে বিএনপি ও জোটের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত হন। পুলিশ মৎস্য ভবন থেকে শাহবাগে আসার এক পাশের সড়ক বন্ধ করে দেয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, সরকার সব নেতাকে গ্রেপ্তার করে ফেললেও আন্দোলন বন্ধ হবে না।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদ বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করার পরই এ দেশের মাটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির নেতা মির্জা আব্বাস, আবদুল মঈন খান, শামসুজ্জামান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ইজ্জত উল্লাহ, আবদুল্লাহ মো. তাহের ও শফিকুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।