তফসিল ঘোষণার দিন মিছিল করবে আ.লীগ
নির্বাচনের তফসিল ঘোষণার দিন রাজধানীতে বড় ধরনের মিছিল, সমাবেশ করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে তফসিল ঘোষণার পরপরই বিরোধী দলের যেকোনো কর্মসূচি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় প্রতীক নৌকা নিয়ে দলের সব শাখাকে মিছিল করার নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘তফসিল ঘোষণার পর সারা দেশে নৌকা ছাড়া আর কোনো আওয়াজ থাকবে না।’ বৈঠকের শুরুতে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিরোধী দলকে সংঘাতের পথ পরিহার করে নির্বাচনের পথে আসার আহ্বান জানান।
নির্বাচন কমিশনকে সহায়তা করাই নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভার মূল লক্ষ্য বলে দাবি করেন কামরুল ইসলাম।
বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।