নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে এখন নয়, নির্বাচনের তফসিল ঘোষণার পর অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ করার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এ বি সিদ্দিক, কমিটির সহসভাপতি ও সাংস্কৃতিক-ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্টু, কোষাধ্যক্ষ আবদুল হাই ও সমাজকল্যাণ সম্পাদক আবদুর রাজ্জাক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা বলেন, এর আগে কদমরসুল পৌরসভায় ২০ বছর ও সিদ্ধিরগঞ্জ পৌরসভায় আট বছর ধরে প্রশাসক নিয়োগ করা হলেও অদ্যাবধি সেখানে কোনো নির্বাচন হয়নি। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন না হওয়ায় অনির্বাচিত সরকারি আমলা (প্রশাসক) দ্বারা জনগণ প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয় এবং যথাসময়ে নির্বাচন না হওয়ার শঙ্কাও থেকে যায়। মানবাধিকার ও গণতন্ত্র নিশ্চিত করার স্বার্থে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের আগে নির্বাচনের তফসিল ও তারিখ ঘোষণা করা জরুরি।গত ৫ মে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল—এই তিনটি পৌরসভা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ঘোষণা করা হয়েছে। এটি গেজেট আকারে প্রকাশিত হওয়ায় ওই দিন থেকেই সিটি করপোরেশন কার্যকর হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, কোনোরকম নির্বাচনে অংশগ্রহণ বা কাউকে নির্বাচনে সমর্থন করা বা কারও বিরোধিতা করা আমাদের কর্তব্য নয়। নাগরিকদের সুযোগ-সুবিধা, মৌলিক অধিকার ও স্বার্থের প্রশ্ন জড়িত সেখানে নাগরিক কমিটির অবশ্যই সুস্পষ্ট বক্তব্য থাকবে।সমাবেশনারায়ণগঞ্জের সাবেক সাংসদ এ কে এম শামীম ওসমানের নেতৃত্বে তাঁর অনুগত সমর্থকেরা গতকাল শহরের চাষাঢ়ার কেন্দ্রীয় পৌর শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেছেন।পরে সমাবেশ শেষে শামীম ওসমানের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক হয়ে ২ নম্বর রেলগেট, চেম্বার রোড ফলপট্টি, পুরান কোর্ট এলাকা ঘুরে শহরের চাষাঢ়া এলাকায় এসে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে শামীম ওসমান অভিযোগ করেন, নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াতচক্রের এজেন্টরা ষড়যন্ত্র করছে। তারাই পেছন থেকে কলকাঠি নেড়ে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ নিয়ে হাইকোর্টে রিট করিয়েছে। তিনি ষড়যন্ত্রকারীদের গণদুশমন হিসেবে আখ্যায়িত করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা সিটি করপোরেশন নিয়ে হাইকোর্টে রিট করে ষড়যন্ত্র করছে, তারা নারায়ণগঞ্জবাসীর শত্রু। অপতৎরপতা থেকে বিরত না থাকলে নারায়ণগঞ্জ থেকে তাদের বিতাড়িত করা হবে। মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডার সামিউল্লাহ মিলনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান। এ ব্যাপারে সদ্য বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী জানান, ব্যক্তিগতভাবে আমি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই নারায়ণগঞ্জ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য সচেষ্ট ছিলাম। যাতে নারায়ণগঞ্জের আরও বেশি উন্নয়ন করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জকে সিটি করপোরেশন করে তাঁর প্রতিশ্রুতি রেখেছেন। এখন একটি মহল বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করছে। তারা নারায়ণগঞ্জের পরিস্থিতি অশান্ত করে তুলতে চাইছে। নারায়ণগঞ্জবাসী অবশ্যই সময়মতো তাদের অপতৎপরতার জবাব দেবে ব্যালটের মাধ্যমে।