তফসিল ঘোষণার পর চলছে রাস্তার সংস্কারকাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তফসিল ঘোষণার পর বগুড়ার কাহালু সদর ইউনিয়নের চেয়ারম্যান এলজিএসপি-২ অর্থায়নে কচুয়া গ্রামে রাস্তা সংস্কারের কাজ করছেন চেয়ারম্যান প্রার্থী। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
তফসিল ঘোষণার পর বগুড়ার কাহালু সদর ইউনিয়নের চেয়ারম্যান এলজিএসপি-২ অর্থায়নে কচুয়া গ্রামে রাস্তা সংস্কারের কাজ করছেন চেয়ারম্যান প্রার্থী। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

বগুড়ার কাহালু সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পরও স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) কাজ করছেন ইউপি চেয়ারম্যান পি এম বেলাল হোসেন।
২১ এপ্রিল পঞ্চম ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, সদর ইউপির কচুয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশ থেকে ইটের রাস্তা গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত গেছে। গত শনিবার প্রায় ৫০০ মিটার দীর্ঘ এ রাস্তা কাজ শুরু হয়।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের ৮-১০ জন বাসিন্দা বলেন, শনিবার রাস্তা সংস্কারের কথা বলে বালু ফেলা হয়। রাস্তার ইট তুলে ফেলা হয়। ৪০ দিনের অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক দিয়ে এ কাজ শুরু করেন ২ নম্বর ওয়ার্ডের নারী সদস্য আঙ্গুরি বেগম। তবে পরদিন সব শ্রমিককে সরিয়ে নেন। এরপর থেকে কাজটি বন্ধ রয়েছে।
আঙ্গুরি বেগম বলেন, ‘তফসিল ঘোষণা হলে আর এ ধরনের কাজ করা যাবি না, তা তো হামার জানা ছিল না। গ্রামের লোকজনের সুবিধার জন্য চেয়ারম্যান সাহেব কাজটা হামাক দিচ্ছে।’
ইউপি চেয়ারম্যান পি এম বেলাল হোসেন উপজেলা যুবলীগের সভাপতি। তিনি এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন। তিনি বলেন, ‘ব্যস্ততার জন্য সময়মতো কাজ করতে পারিনি। বিষয়টা তেমন বড় নয়, নির্বাচনের আগে প্রতিপক্ষরা সুযোগ নিয়ে আমার বিরুদ্ধে লেগেছে।’ তিনি আরও বলেন, অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক দিয়ে কাজ করা হয়নি।
উপজেলা পিআইও আহসান হাবীব বলেন, চেয়ারম্যান অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক দিয়ে ওই প্রকল্পে কাজ করাতে শুরু করেন। বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে।
ইউএনও মোছা তাসলিমা খাতুন বলেন, ‘আজ (গতকাল) লোক পাঠিয়ে ওই সংস্কারকাজ বন্ধ করেছি।’