তফসিল ঘোষণার পর বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ।
গতকাল বুধবার সকালে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এ কথা জানান। বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে বৈঠক করেন। এ সময় কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক ও অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে উইলিয়াম হানা সাংবাদিকদের বলেন, ‘দশম সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশে এসেছে ইইউর প্রতিনিধিদলটি। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা মনে করি, কমিশন নির্বাচন করতে প্রস্তুত।’ তিনি বলেন, নির্বাচনে ইইউ অনেক পর্যবেক্ষক পাঠাতে চায়। এখানে আলোচনার পর সার্বিক বিষয়ে ইইউ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হবে। সেখান থেকেই পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, ইইউ প্রতিনিধিরা বলেছেন, তাঁরা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক পাঠাতে চান। কমিশন জানিয়েছে, তফসিল ঘোষণার আগে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানোর এখতিয়ার কমিশনের নেই। তাই কমিশন এ বিষয়ে ইইউকে সরকারের সঙ্গে যোগাযোগ করতে বলেছে।
এ বিষয়ে সিইসি সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচনে ইইউর বড় পর্যবেক্ষক দল আসবে। এ নিয়ে তাদের সঙ্গে কমিশনের আলোচনা হয়েছে। তফসিল ঘোষণার পর কমিশন বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে।
সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে কোনো আহ্বান জানাবেন কি না, জানতে চাইলে কাজী রকিব উদ্দীন বলেন, ‘রাজনীতিবিদেরা বিচক্ষণ। তাঁরা জনগণের পালস বোঝেন। এ বিষয়ে তাঁরাই সিদ্ধান্ত নেবেন। আমরা তো রেফারি। এসব বিষয়ে আমাদের না জড়ানোই ভালো।’