তফসিল ঘোষণার পর সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, তফসিল ঘোষণার পর থেকে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।
একদিকে বিএনপির শীর্ষ পর্যায়ের পাঁচ নেতা গ্রেপ্তার, অন্যদিকে আওয়ামী লীগের উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রির বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
তফসিল ঘোষণার জন্য কমিশন কারও দিকে তাকিয়ে আছে কি না, গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের উত্তরে সিইসি আরও বলেন, তফসিল ঘোষণার জন্য কমিশন কারও দিকে তাকিয়ে নেই। সময় হলেই তফসিল ঘোষণা করা হবে।
গতকাল রোববার কমিশনের বৈঠক শেষে সিইসি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেশবাসী শান্তিপূর্ণ নির্বাচন চায়। সহিংসতা গণতন্ত্রের ভাষা নয়। সবার কাছে আবেদন, সময় এখনো শেষ হয়নি। জনগণের ইচ্ছা পূরণে সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন করতে হবে।’
‘শেষ মুহূর্তেও যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সিদ্ধান্ত হয়, তবে তা ওয়েলকাম করি’—এ মন্তব্য করেন সিইসি।
সিইসি বলেন, সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচনের প্রস্তুতি চলছে। বিদেশ থেকে স্বচ্ছ ব্যালট বাক্স এসেছে। তা দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি বলেন, হাইকোর্টের রায় বলবৎ আছে। তাই দলটির নির্বাচনে যাওয়ার প্রশ্ন আসে না। কেননা হাইকোর্ট যে মুহূর্তে রায় দিয়েছেন, তখন থেকে তা কার্যকর হয়ে গেছে। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়া গেছে। তাতে কমিশনের জন্য নির্দেশনামূলক কিছু থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর রায়ের বিরুদ্ধে আপিল হলে তা স্থগিত বা বহাল থাকতে পারে।