খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই খুলনা মহানগরে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। নগরের সব ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীরা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তাঁরা জনসংযোগ শুরু করেছেন; জনসাধারণকে শুভেচ্ছা জানিয়ে রংবেরঙের পোস্টারে ছেয়ে ফেলেছেন গোটা নগর। দলীয়ভাবে নির্বাচন না হলেও বড় দুটি রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা দলের সমর্থন আদায়ের জন্য জোর তদবির শুরু করেছেন। গত শুক্রবার দলীয় সভায় নগর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেককে মেয়র পদে দলের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বিএনপি দলীয়ভাবে এ নির্বাচন না করলেও আওয়ামী লীগকে ফাঁকা মাঠ ছেড়ে দেবে না—এমন আভাস পাওয়া গেছে। তারা নাগরিক কমিটির ব্যানারে তাদের প্রার্থীকে সমর্থন দিয়ে জয়ী করার সর্বাত্মক চেষ্টা চালাবে। কিন্তু মেয়র পদে বিএনপির সমর্থন কে পাবেন, নগর বিএনপির পক্ষ থেকে এখনো তা চূড়ান্ত করা হয়নি। গত বৃহস্পতিবার নগরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীরা ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানিয়ে রং-বেরঙের পোস্টার সেঁটেছেন। প্রার্থীরা এলাকায় জনসংযোগ অব্যাহত রেখেছেন। দলীয় সূত্রে জানা গেছে, তালুকদার আবদুল খালেক মেয়র নির্বাচনে নাগরিক সমাজের ব্যানারে প্রার্থী হচ্ছেন। এ সপ্তাহে খুলনা নাগরিক সমাজের কমিটি গঠন করে আনুষ্ঠানিকভাবে মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। ২০০৮ সালে কেসিসি নির্বাচনেও তিনি নাগরিক সমাজের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। বৃহস্পতিবার তালুকদার আবদুল খালেকের পক্ষে তাঁর ছোট ভাই আবদুল জলিল নির্বাচন কমিশন কার্যালয় থেকে মেয়র পদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, শুক্রবার নির্বাহী কমিটির সভায় তালুকদার আবদুল খালেককে মেয়র পদে দলের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তা ছাড়া প্রতিটি ওয়ার্ডে দলের সমর্থন নিয়ে যাতে একক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারেন, সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। নগর বিএনপির সভাপতি ও খুলনা সদর আসনের সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘কেসিসি নির্বাচনে আমাদের দলের প্রস্তুতি আছে। দলের নেতা-কর্মী ও সমর্থকেরা আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল করতে দিতে নারাজ। নির্বাচনের বিষয়ে দলের হাইকমান্ডকে জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত আসার পর এ বিষয়ে কাজ শুরু করব। তবে এই সরকারের আমলে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে।’ কারণ হিসেবে তিনি বলেন, তাঁদের দলের অনেক নেতা-কর্মীকে মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে। দলের সমর্থনে যাঁরা প্রার্থী হবেন, তাঁদের অনেকে কারাগারে। তিনি এসব বিষয় সুরাহা করে সরকারকে নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি জানান।