তফসিল ঘোষণার পরই ককটেল বিস্ফোরণ
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রাজশাহী, জয়পুরহাট, কুষ্টিয়া ও ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি জেলায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে তিনজন আহত হয়েছে।
আমাদের প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর—
কুষ্টিয়া
নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই ১৮-দলীয় জোট কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল বের করে। রাত আটটার দিকে শহরের সিঙ্গার মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। ইসলামী বিশ্ববিদ্যালয়সংলগ্ন শেখপাড়া বাজারে ১৫টি ককটেল বিস্ফোরণ হয়। এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়।
জয়পুরহাট
জেলার কেন্দ্রীয় মসজিদ চত্বরের পৌর মার্কেটের সামনে রাত আটটার দিকে তিনটি ককটেলে বিস্ফোরণ ঘটানো হয়। এতে স্কুলছাত্র বিজয় ও কলেজছাত্র মুনির আহত হয়েছে। তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছে।
এরপর শহরের বাজার মোড় এলাকায় পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এতে পুলিশের নায়েব দুলু মিয়া (৪০) গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।
এ ছাড়া শহরের বাজলা সরকারি উচ্চবিদ্যালয় এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
রাজশাহী
তফসিল ঘোষণার পরপরই রাত আটটার দিকে স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয় বরাবর কয়েকটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া শহরের কয়েকটি স্থানে রাত আটটার দিকে ২০-২৫টি ককটেলে বিস্ফোরণ ঘটানো হয়। এতে কেই আহত হয়নি।
উল্লেখ্য, এর আগে সন্ধ্যায় আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ।