তফসিল ঘোষণার পরও নির্বাচনী আমেজ নেই
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার সাত দিন পার হলও সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মাঝে নির্বাচনের আমেজ নেই। তাদের আশঙ্কা, গত বছরের মতো এবারও যেকোনো সময় এ নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে।
২৫ নভেম্বর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল ও ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২০০৮ সালের ৪ আগস্ট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
গত বছরের আগস্ট মাসে নির্বাচনের তফসিল ঘোষণার পর পৌরসভার সীমানা বাড়ানোর আবেদন করে মনোনয়নপত্র দাখিলের এক দিন আগে হঠাৎ করে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এবার পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা হলেও এ নির্বাচন আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করছে বিভিন্ন মহল। ফলে অধিকাংশ সম্ভাব্য প্রার্থীই খরচ বাঁচানোর জন্য আগাম মাঠে নামতে ভয় পাচ্ছেন।
সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নূরুল হক তালুকদার বলেন, ‘ধাপসুলতানগঞ্জ হাটের যত টাকা রাজস্ব আসে, তা দিয়ে গোটা পৌরসভার রাস্তাঘাট সোনা দিয়ে মুড়িয়ে দিলেও টাকা শেষ হবে না। কিন্তু এত টাকা যায় কোথায়, তা নিয়ে পৌরবাসীর প্রশ্ন। পাঁচ বছর পর নির্বাচন হলে জবাবদিহিতা থাকলে কোনো জনপ্রতিনিধি পৌরসভার টাকা এলাকায় ব্যবহার না করে নির্বাচন বন্ধের জন্য পাঁয়তারা করার সাহস পেত না। এবার কেউ নির্বাচন বন্ধের অপচেষ্টা চালালে আমরা তা প্রতিহত করব।’
আরেক সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বেলাল হোসেন বলেন, ‘নির্বাচন স্থগিতের পর থেকে আমরা পৌরসভার উন্নয়নের জন্য নাগরিক কমিটির ব্যানারে সভা-সমাবেশ ও মানববন্ধন করেছি। এবার কেউ পৌরসভার নির্বাচন স্থগিতের পাঁয়তারা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’ তিনি জানান, বর্তমান মেয়র গতবার অবৈধভাবে সীমানা বাড়ানোর আবেদন করে মনোনয়নপত্র দাখিলের একদিন আগে নির্বাচন স্থগিত করান। নিয়ম অনুযায়ী নির্বাচনের অন্তত এক বছর আগে সীমানা বিষয়ে আবেদন করতে হয়।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা কমিটির সভাপতি আবদুল মজিদ বলেন, ‘পৌরসভার রাজস্ব যত আসে তা সঠিকভাবে ব্যয় হয় না। যাঁরা একবার এ পৌরসভার জনপ্রতিনিধি হন তাঁরা ক্ষমতা ধরে থাকার জন্য বিভিন্নভাবে মামলার পাঁয়তারা করে পৌরসভার নির্বাচন স্থগিত করার চেষ্টা করেন। এবারও লোকের মুখে মুখে একই কথা শুনতে হচ্ছে, পৌরসভা নির্বাচনের তফসিল তো আবার স্থগিত হবে না!’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান বলেন, ‘পৌরসভার সার্বিক উন্নয়নে নির্বাচন হওয়া দরকার। নির্বাচন স্থগিত করার পাঁয়তারাকারীরা জনগণের শত্রু। এবার আমরা পৌর কর বন্ধ করে দেব।’
বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘পৌরসভার নির্বাচন করা না করা এটা সরকারের কাজ। জনগণকে নিয়েই আমার রাজনীতি। এ জন্যই পর পর দুবার মেয়র হয়েছি। জনগণ থেকে যারা বিচ্ছিন্ন তারাই পৌরসভার বিরুদ্ধে অপপ্রচার চালায়। নির্বাচন হলে তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’