তফসিল ঘোষণার প্রক্রিয়া সংলাপের প্রয়োজনীয়তাকে ত্বরান্বিত করছে: মজীনা

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপের প্রয়োজনীয়তাকে আরও ত্বরান্বিত করে তুলেছে।’
আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন মজীনা। তিনি বলেন, ‘সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে কি না, তা আমার জানা নেই। তবে এ প্রক্রিয়া একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ আয়োজনের প্রয়োজনীয়তাকে আরও ত্বরান্বিত করেছে।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘নতুন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কে সামগ্রিক বিষয়গুলো নিয়ে অবহিত করেছি।’
মজীনা বলেন, ‘বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী আজ রাত সোয়া নয়টার দিকে টিকফা চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। চুক্তি স্বাক্ষরের পর এ-সংক্রান্ত ফোরাম প্রথমবারের মতো এক সংক্ষিপ্ত বৈঠকে বসবে। এ বিষয়টিও পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি।’