তফসিল দেশকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনের পরিস্থিতি তুলে ধরেন রিজভী। তিনি দাবি করেন, অবরোধের প্রথম দিনে সারা দেশে ১৮ দলের তিনজন নেতা-কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারের বেশি এবং চার শর বেশি নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। চার হাজারের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
রিজভী বলেন, ‘তফসিল ঘোষণায় নির্বাচন কমিশন জনগণের আকাঙ্ক্ষাকে তাচ্ছিল্য, অপমান ও উপহাস করেছে। এই তফসিল ঘোষণা বর্তমান অবৈধ সরকার এবং নির্বাচন কমিশনের যৌথ পরিকল্পনার জাতীয় তামাশা।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিএনপি এখনো সংলাপ-সমঝোতায় আগ্রহী। কিন্তু সরকারের কাছ থেকে তারা সে ধরনের কোনো আভাস পাচ্ছেন না। সরকার ইতিবাচক মনোভাব পোষণ করলে এখনো ইতিবাচক আলোচনার সুযোগ আছে।
আরেক প্রশ্নের জবাবে রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন। তিনি প্রয়োজনীয় যোগাযোগ ও দিকনির্দেশনা দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর ‘নীলনকশা’ অনুযায়ী নির্বাচন কমিশন বিরোধী দলকে নির্বাচনের বাইরে রাখার সব কৌশল প্রয়োগ করে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, নির্বাচন কমিশন রাজনৈতিক বিরোধের ছায়াকে আরও প্রলম্বিত করার সুযোগ করে দিয়েছে।
রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য বিরোধী দলের আন্দোলন দমনে ‘মাত্রাতিরিক্ত আচরণ’ করছেন তাঁদের সব তথ্য বিএনপির কাছে আছে। এঁদের সামনে বিচারের মুখোমুখি হতে হবে।
পরীক্ষার জন্য কর্মসূচি প্রত্যাহারে শিক্ষামন্ত্রীর আহ্বানের পরিপ্রেক্ষিতে রিজভী বলেন, শিক্ষামন্ত্রী এই অনুরোধ প্রধান নির্বাচন কমিশনারকে করলে পারতেন। নির্বাচনের তফসিল পিছিয়ে দেওয়া হলে এ কর্মসূচি দেওয়া হতো না।