তফসিল পরিবর্তন কেবল বিরোধী দল এলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিরোধী দলকে নির্বাচনে আনার জন্য দেরি করেছি। যদি আসেন, সমঝোতা হয়, তখন সব দ্বারই খোলা থাকবে।’
‘বিরোধী দলকে নির্বাচনে আনার জন্য দেরি করেছি। যদি আসেন, সমঝোতা হয়, তখন সব দ্বারই খোলা থাকবে।’

দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। জাতীয় পার্টি মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর আবেদন জানালেও নির্বাচন কমিশন তা আমলে নেয়নি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, একমাত্র প্রধান বিরোধী দল নির্বাচনে এলে তফসিল পরিবর্তন হবে।
গতকাল সন্ধ্যার পর দপ্তর ছেড়ে যাওয়ার আগে সিইসি সাংবাদিকদের বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের তারিখ অপরিবর্তিত থাকবে। তফসিল আগেই ঘোষণা করা হয়েছে। এতে করে সবাই আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন। তাই নির্ধারিত তারিখই বহাল থাকবে। প্রার্থীরা নির্বাচনী এলাকায় পৌঁছে গেছেন। আশা করছি, তাঁরা ঠিক সময়েই মনোনয়নপত্র জমা দিতে পারবেন।’
মনোনয়নপত্র জমার সময় বাড়ানো না হলে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবে না—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, ‘বিরোধী দলকে নির্বাচনে আনার জন্য দেরি করেছি। যদি আসেন, সমঝোতা হয়, তখন সব দ্বারই খোলা থাকবে। তখন বিষয়টি অন্যভাবে দেখা হবে।’
সমঝোতার আর সুযোগ আছে কি না বা ইসি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কি না, জানতে চাইলে সিইসি বলেন, ‘ইসির সাংবিধানিক অবস্থান থেকে মধ্যস্থতা করা সমস্যা। দুই দলের মধ্যে মধ্যস্থতা করতে গেলে কেউ কেউ বলতে পারে, ইসি কোনো দলের পক্ষ নিয়েছে। তাই আমরা উৎসাহিত করছি সমঝোতা হোক।’
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, তাঁদের দাওয়াত করা হয়েছিল, তাই তাঁরা এসেছেন। আন্তর্জাতিক পর্যায়ের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে অচিরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি হবে।
পর্যবেক্ষকদের নিরাপত্তা প্রসঙ্গে সিইসি বলেন, ‘সকলেরই নিরাপত্তার প্রশ্ন রয়েছে। আমরা চাই সবার নিরাপত্তা। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশি পর্যবেক্ষকদের বেলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে গতকাল জাতীয় পার্টি মনোনয়নপত্র জমার সময় বাড়ানোসহ ছয় দফা দাবি জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে। তাদের অন্য দাবিগুলো হলো ১২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমার সময় বাড়ানো, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ প্রশাসনে রদবদল, বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, মনোনয়নপত্র বাছাইয়ে ছোটখাটো ত্রুটি এড়িয়ে যাওয়া এবং রেডিও-টিভিতে জাপা চেয়ারম্যানকে জাতির উদ্দেশে ভাষণের সুযোগ দেওয়া।
গতকাল বিকেলে জাপার প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ, সদস্যসচিব এম এম ফয়সল চিশতীসহ ১০ সদস্যের প্রতিনিধিদল সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদের কাছে লিখিত দাবি জমা দেয়।