তফসিল বাতিলের চিঠি একক প্রার্থীরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) একমাত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের জে এম রশীদুল আলম। সদস্য পদেও তিনজন একক প্রার্থী ছিলেন। মনোনয়নপত্র বাছাই শেষ। প্রত্যাহার চলছিল। রশীদুলের সমর্থকদের মধ্যে চলছিল আনন্দ উল্লাস আর মিষ্টিমুখ। শুভেচ্ছা বিনিময় হয়েছে পাড়া-মহল্লায়।
কিন্তু নির্বাচন কমিশনের এক চিঠিতে সব আনন্দ শেষ। ওই চিঠিতে ওই ইউপির তফসিল বাতিল করার কথা বলা হয়। রশীদুল আলম বলছেন, নির্বাচন কমিশন এটা করতে পারে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আদালতে যাবেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ইউপিগুলোতে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ৭ এপ্রিল মনোনয়নপত্র জমা, ১১ এপ্রিল বাছাই, ১৮ এপ্রিল প্রত্যাহার, ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দ ও ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে চেয়ারম্যান পদে একজন, আর ৯ ওয়ার্ডে সদস্য পদে ২০ জন, সংরক্ষিত ৩ নারী ওয়ার্ডে আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৬ নম্বরে ছবেদ আলী জোয়ার্দ্দার, ৭ নম্বরে মকবুল হোসেন ও ৮ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান একক প্রার্থী ছিলেন।
১৩ এপ্রিল নির্বাচন কমিশনের উপসচিব মো. সামসুল আলম এক চিঠি দিয়ে জেলা নির্বাচন কর্মকর্তাকে সুরাট ইউপির তফসিল বাতিল করার ব্যবস্থা নিতে বলেছেন।
মনোনয়ন জমা দেওয়া একাধিক প্রার্থী জানান, নির্বাচন কমিশনের ওই চিঠির পর তফসিল বাতিলের খবর পেয়ে তাঁরা হতাশ। নির্বাচনে অংশ নিতে তাঁদের অনেক কাগজপত্র জমা দিতে হয়েছে। যে কাগজপত্র জোগাড় করতে তাঁদের অনেক খরচ করতে হয়েছে।
একজন একক প্রার্থী বলেন, মনোনয়ন বাছাই শেষে তাঁরা নির্বাচিত ধরে নিয়ে এলাকায় আনন্দ-উল্লাস করেছেন। তাঁর সমর্থকেরা মিষ্টি বিতরণ করেছেন। তিনি নিজেও বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় করলেন। এখন হঠাৎ তাঁরা শুনছেন, নির্বাচন বাতিল করা হয়েছে। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। তাঁরা এটা মানেন না, তাঁরা এর প্রতিবাদ করবেন। প্রয়োজনে আন্দোলন করবেন।
রশীদুল আলম বলেন, এলাকার মানুষ তাঁকে ভালোবেসে একক প্রার্থী করেছেন। বাছাই শেষে আনন্দ-উল্লাস করেছেন সমর্থকেরা। এখন এভাবে সবার আনন্দ নির্বাচন কমিশন কেড়ে নিতে পারে না। তা ছাড়া কোন কারণে তফসিল বাতিল করা হলো, তার কোনো ব্যাখ্যা মিলছে না। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা আদালতে যাওয়ার কথা ভাবছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, সীমানা নিয়ে জটিলতা থাকায় এই তফসিল বাতিল করা হয়েছে। এখানে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বিষয়টি নির্বাচন কমিশনের নির্দেশে করা হচ্ছে।