তফসিল স্থগিত করার আহ্বান বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত এবং সব দলের অংশগ্রহণে অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রোববার এক বিবৃতিতে এই আহ্বান জানান।

পুলিশের ধরপাকড়ের মুখে আত্মগোপনে থাকা মির্জা ফখরুল ফ্যাক্সে ও ই-মেইলে গণমাধ্যমের কাছে এ বিবৃতি পাঠান। তিনি বলেন, গণদাবি উপেক্ষা করে নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে জাতিকে চরম রাজনৈতিক সংকটে ফেলেছে নির্বাচন কমিশন। বাংলাদেশের মানুষ একতরফা পাতানো নির্বাচন মেনে নেবে না।

মির্জা ফখরুল অভিযোগ করেন, বিরোধী দলকে স্বাভাবিক ও নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিরোধীদলীয় নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি এবং আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের মাধ্যমে সরকার দেশকে চরম অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার অন্ধকারে নিক্ষেপ করেছে। এ রকম ‘চরম অগণতান্ত্রিক’ পরিস্থিতিতে কোনো নির্বাচন অনুষ্ঠানের প্রশ্ন উঠতে পারে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করার হীন উদ্দেশ্যে এ পরিস্থিতির সৃষ্টি করেছে। মহাজোটের পুনর্গঠিত সরকার সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিকভাবে সরকার পরিচালনা করছে। প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীরা সরকারি সব সুযোগ-সুবিধা ব্যবহার ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করছেন।

অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা: আত্মগোপনে থেকেই বিএনপির নতুন মুখপাত্র ও দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ গতকাল অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমে একটি ভিডিও বার্তা পাঠান। সেই বার্তায় তিনি শেখ হাসিনাকে সম্মানজনকভাবে পদত্যাগের আহ্বান জানান।

ভিডিও বার্তাটি কয়েকটি টেলিভিশনে প্রচার করা হয়েছে। এতে সালাহ উদ্দিন আহমদ বলেন, দমন-পীড়ন, হত্যা-নির্যাতন ও মামলা-হামলা চলমান আন্দোলনকে আরও বেগবান করবে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘এখনো সময় আছে, গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি দিন। সব মিথ্যা মামলা প্রত্যাহার করুন। নির্দলীয় সরকারের দাবি মেনে নিন।’

শনিবার ভোরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের পর সালাহ উদ্দিন আহমদকে দপ্তর ও দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। এরপর শনিবার তাঁর বাসায় পুলিশ অভিযান চালায়। এরপর তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।

মালিবাগের ঘটনায় মামলা: শনিবার রাতের রাজধানীর মালিবাগে বাসে পেট্রলবোমা নিক্ষেপ ও আক্রান্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল রমনা থানায় একটি মামলা করে।

মামলার বিবরণে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সাদেক হোসেন খোকা, সালাউদ্দিন আহম্মেদসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও জামায়াতের ১৭ জন শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে উসকানি, পরিকল্পনা, অর্থায়ন ও মদদ দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ। তবে মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) আসামির কলামে তাঁদের নাম নেই। আসামির কলামে ঘটনায় সরাসরি জড়িত হিসেবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের ১৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, মির্জা ফখরুলসহ ১৭ নেতা এজাহারভুক্ত আসামি নন। তবে তাঁদের বিরুদ্ধে এজাহারে ঘটনার মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আর ঘটনায় সরাসরি যুক্ত হিসেবে ১৫ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

অবশ্য পুলিশের অপর একটি সূত্র জানায়, আসামির কলামে নাম না থাকলেও ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের এ মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নিতে আইনগত কোনো বাধা নেই।

মামলার বিবরণীতে বলা হয়, মির্জা ফখরুল ইতিপূর্বে এক অনুষ্ঠানে ছাত্রদলকে উদ্দেশ করে বলেছেন, ‘একটা-দুইটা বাস ভাঙলে আন্দোলন চাঙা হয় না। রাস্তায় নামতে হবে।’ তিনি বিভিন্ন সভা-সমাবেশ, সংবাদ সম্মেলনের মাধ্যমে সংসদ নির্বাচন প্রতিহত, আইনশৃঙ্খলা বিঘ্নিত করা ও অবরোধ কর্মসূচি পালনের নির্দেশ দেন। বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, সবাইকে দা-কুড়াল নিয়ে প্রস্তুত থাকতে হবে। তা ছাড়া ঢাকা মহানগরকে কয়েকটি অংশে ভাগ করে বিএনপির কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়। তাঁরাসহ ১৭ কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে বাসে পেট্রলবোমা নিক্ষেপ এবং মানুষ হত্যার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ, অর্থায়ন, উসকানি ও সহায়তার অভিযোগ আনা হয় মামলায়। বাকি ১৫ জনসহ অজ্ঞাতনামা ৩০ জন স্থানীয় নেতা-কর্মী হামলায় সরাসরি অংশ নিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

এর আগে গত শুক্রবার শাহবাগে বাস পোড়ানো মামলায় মির্জা ফখরুলসহ বিএনপি ও জামায়াতের ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে পুলিশ।

শূন্য কার্যালয়, বাইরে পুলিশের পাহারা: গত শুক্রবার পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আগলে রাখেন রুহুল কবির রিজভী। সকাল-বিকেলে সংবাদ সম্মেলন করে দলের বক্তব্য তুলে ধরতেন। কিন্তু গত শনিবার ভোরে গ্রেপ্তারের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এখন কেউ নেই। কেবল তিন-চারজন কর্মচারী সেখানে অবস্থান করছেন।

গতকাল দিনের বেশির ভাগ সময়ই মূল ফটক বন্ধ দেখা গেছে। মাঝেমধ্যে সাংবাদিকেরা কার্যালয়ের ভেতর প্রবেশ করেছেন। রিজভীকে গ্রেপ্তারের সময় তিনটি দরজায় পুলিশের আঘাতের চিহ্ন ও একটি কাচের দরজার ভাঙা টুকরাগুলোও তেমনই আছে।

অন্যান্য দিনের মতো গতকালও কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এ ছাড়া সাঁজোয়া যান, জলকামানও রাখা হয় সেখানে। তবে ওই এলাকায় বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।