তফসিল স্থগিতের দাবি ইসলামী ঐক্যজোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত করার দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। একই সঙ্গে একতরফা নির্বাচনের চিন্তা বাদ দিয়ে এ বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন, সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
দলটির চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী শনিবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। তিনি বলেন, ‘প্রধান বিরোধী দলের অংশগ্রহণে নির্বাচন হলে আমরা আওয়ামী লীগকে নিঃশর্ত সমর্থন দেব। আর একতরফা নির্বাচন হলে ভোটকেন্দ্রেই যাব না।’
ইসলামী ঐক্যজোট নির্বাচন নিয়ে সংলাপের সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করে আওয়ামী লীগের পক্ষ থেকে বিরোধী দলকে আমন্ত্রণ জানানো, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মুক্তি দেওয়া এবং বিরোধী দলের হরতাল ও অবরোধ কর্মসূচি স্থগিত করার দাবি জানায়।