তফসিল স্থগিতের দাবি তিনটি সংগঠনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে ‘সাজানো’ নির্বাচনের তফসিল স্থগিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা, গণফোরাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গতকাল মঙ্গলবার দুপুরে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক বাম মোর্চার এক সভায় বক্তারা বলেন, দেশের প্রধান বিরোধী দলসহ ২৫টি রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করতে চাইছে মহাজোট সরকার।
সভায় বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে শুভ্রাংশু চক্রবর্তী, মোশারফ হোসেন, জোনায়েদ সাকি, হামিদুল হক, শহীদুল ইসলাম, আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
গণফোরাম: গতকাল সকাল ১০টার দিকে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় বক্তারা বলেন, সরকারের একতরফা নির্বাচনের চেষ্টার ফলেই দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে পাতানো নির্বাচনের তফসিল স্থগিত করতে হবে। সভায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীনের সভাপতিত্বে এস এম আলতাফ হোসেন, আ ও ম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ, রওশন ইয়াজদানী, ফজলুল কবির কাওসার প্রমুখ বক্তব্য দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ: গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, দেশের অধিকাংশ মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। কারণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই সম্ভব।
সম্মেলনে মহাসচিব ইউনুছ আহমাদ, প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় নেতা এ টি এম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।