তফসিলের আগে সংসদ ভাঙার নির্দেশনা চেয়ে রিট
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে প্রধানমন্ত্রীর প্রতি নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। গতকাল রোববার সুপ্রিম কোর্টে রিটটি করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।
রিটে আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণের আলোকে কেন এ নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি নির্দেশনাও চাওয়া হয়েছে। এতে প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়।
পরে ইউনূস আলী আকন্দ বলেন, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি দাখিল করা হয়েছে। সোমবার বিষয়টি তালিকায় আসবে। আবেদনে বলা হয়, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের পর্যবেক্ষণে বলা হয়, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সংসদের বিবেচনা অনুসারে যুক্তিসংগতকাল পূর্বে যথা ৪২ দিন পূর্বে, সংসদ ভাঙ্গিয়া দেওয়া বাঞ্ছনীয় হবে।