পৌরসভা নির্বাচন সামনে রেখে নরসিংদীর মাধবদীতে তফসিল ঘোষণার আগেই মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতিমধ্যে ১৭টি পদের বিপরীতে ৩৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
মাধবদী শহর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে শহর আওয়ামী লীগের উদ্যোগে গত সোমবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করা হয়। প্রতিটি মনোনয়নপত্র মেয়র পদে ২৫ হাজার ও কাউন্সিলর (সাধারণ ও সংরক্ষিত) পদে পাঁচ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। গতকাল শুক্রবার বিকেল চারটা পর্যন্ত মেয়র পদে দুজন, ১২টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ২৯ জন ও চারটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মেয়র পদে দলীয় প্রার্থী শহর ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। একইভাবে কাউন্সিলর পদে ওই ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যকরী সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। এ উপলক্ষে গত বুধবার রাতে শহর আওয়ামী লীগের উদ্যোগে মাধবদী মহাবিদ্যালয় মিলনায়তনে দলের আগ্রহী প্রার্থীরা জেলা আওয়ামী লীগের সভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছেন। এতে শহর আওয়ামী লীগের সভাপতি সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞা, সাবেক সহসভাপতি মো. শওকত আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফর আলী ভূঞা, সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন ভূঞা, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান।
শহর আওয়ামী লীগের সভাপতি সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী, দলীয় মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে। চলবে তফসিল ঘোষণার দিন পর্যন্ত। আর দলীয় প্রার্থী নির্বাচন হবে তফসিল ঘোষণার দুই দিন পর।
আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে ছয়জনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে রয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান; বিএনপির বর্তমান পৌর মেয়র মো. ইলিয়াছ, সদর উপজেলা বিএনপির সভাপতি সমীর ভূঞা ও মাধবদী পৌর বিএনপির সভাপতি আমানুল্লাহ আমান; জাতীয় পার্টির মাধবদী পৌরসভার সাবেক মেয়র মো. শফিউদ্দিন।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সূত্রে জানা গেছে, নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে আগামী মাসের শেষ সপ্তাহে দেশের ২৪৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য চলতি মাসের তৃতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে।