আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রার্থী বাছাই করাসহ নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করার কথা বলেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠকে শেখ হাসিনা এ কথা বলেন। একই সঙ্গে পাঁচ বছর ধরে দলে উপেক্ষিত জ্যেষ্ঠ নেতাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা বলেছেন বলে জানা গেছে।
বৈঠকে আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস। জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন।
বৈঠকে ছিলেন এমন একাধিক নেতা জানান, বৈঠকে শেখ হাসিনা বলেছেন, নির্বাচন হবেই। সে অনুযায়ী সরকার প্রস্তুতি নিচ্ছে। সংবিধানের পথে সরকার হাঁটবে। নির্বাচন পরিচালনার জন্য শিগগির ‘কোর’ কমিটি করা হবে। এতে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, এইচ টি ইমামসহ আলোচনার মাধ্যমে অন্যদের রাখা হবে।
বৈঠকে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নেতাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। তিনি বলেন, নির্বাচনে কোন দল এল কি এল না, সেটা বিষয় নয়। সাংবিধানিক ধারা বজায় রাখা হবে।
সূত্রগুলো জানায়, বৈঠকে নির্বাচনের প্রস্তুতির জন্য বেশ কয়েকটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এর মধ্যে নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটি ও প্রচারণা কমিটি গঠনের দায়িত্ব প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামকে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আজ রোববার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা হবে। সেখানে দলীয় প্রার্থী বাছাইয়ের বিষয়ে আলোচনা হবে।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটিতে সভাপতিমণ্ডলীর, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা রয়েছেন।
শেখ হাসিনার সভাপতিত্বে গতকালের সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, এইচ টি ইমাম, মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্যাহ, সৈয়দ আশরাফুল ইসলাম, ইউসুফ হোসেন হুমায়ুন, মাহবুব উল আলম হানিফ, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।