তফসিলের সিদ্ধান্ত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর দশম জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আলোচনার জন্য কাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
গতকাল রোববার নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, নিয়ম অনুসারে নির্বাচনের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে হয়। এ সপ্তাহের যেকোনো দিন কমিশন সাক্ষাৎ করবে। রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অবহিত করা হবে। একই সঙ্গে কমিশনের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা হবে।
শাহ নেওয়াজ জানান, তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে এখনো বৈঠক হয়নি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর দ্রুত বৈঠক করে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, তফসিল ঘোষণার ব্যাপারে কিছু আইনগত জটিলতা আছে। সেসব বিষয় আমলে নিয়ে অনুকূল সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।