তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫ তম মৃত্যুবার্ষিকী আজ

দৈনিক ইত্তেফাক-এর প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ ১ জুন৷ এ উপলক্ষে মানিক মিয়া পরিষদ সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করেছে৷ এতে উপস্থিত থাকবেন আইনজীবী আমীর-উল ইসলাম, ইতিহাসবিদ সিরাজউদ্দীন আহমেদ প্রমুখ৷
১৯১১ সালে পিরোজপুর জেলার ভান্ডারিয়া গ্রামে তফাজ্জল হোসেন মানিক মিয়ার জন্ম। ১৯৩৫ সালে তিনি ডিস্টিংশনসহ বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ১৯৪৭ সালের আগস্ট মাসে দৈনিক ইত্তেহাদ-এর পরিচালনা পরিষদের সেক্রেটারি হিসেবে যোগ দেন। ১৯৫৩ সালে তাঁর সম্পাদনায় সাপ্তাহিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাক-এ রূপান্তরিত হয়। মানিক মিয়ার সম্পাদনায় দৈনিক ইত্তেফাক পত্রিকা আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামরিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৯৫৯ সালে তিনি এক বছর কারাভোগ করেন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে তিনি ছদ্মনামে পত্রিকায় নিয়মিত রাজনৈতিক নিবন্ধ লিখতেন। ১৯৬৯ সালের ১ জুন তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ইন্তেকাল করেন।