তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ
দৈনিক ইত্তেফাক-এর প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ ১ জুন৷ ১৯১১ সালে পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় তফাজ্জল হোসেন মানিক মিয়ার জন্ম।
মানিক মিয়া ১৯৪৭ সালের আগস্ট মাসে দৈনিক ইত্তেহাদ-এর পরিচালনা পরিষদের সেক্রেটারি হিসেবে যোগ দেন। ১৯৫৩ সালে তাঁর সম্পাদনায় সাপ্তাহিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাক-এ রূপান্তরিত হয়।
রাজনৈতিক জগতে মানিক মিয়া ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহযোগী। ঘনিষ্ঠ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। মানিক মিয়ার সম্পাদনায় ইত্তেফাক পত্রিকা আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামরিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৯৫৯ সালে তিনি এক বছর কারাভোগ করেন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে তিনি ছদ্মনামে পত্রিকায় নিয়মিত রাজনৈতিক নিবন্ধ লিখতেন। ১৯৬৯ সালের ১ জুন তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ইন্তেকাল করেন।