তফিল উদ্দিনকে সহায়তা করলেন দুই প্রবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সরকারপাড়া গ্রামের রিকশা-ভ্যান চালক সংগ্রামী তফিল উদ্দিনের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন অনেক মানুষ। এদের মধ্যে গত বুধবার দুই প্রবাসীর পাঠানো ৫০ হাজার টাকা তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।
গত বুধবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস তাঁর হাতে এ সহায়তা তুলে দেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, সিভিল সার্জন নজরুল ইসলাম, বালিয়াডাঙ্গীর দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম ও সাবেক সরকারি কর্মকর্তা মো. হায়দার আলী উপস্থিত ছিলেন।
গত ২৫ এপ্রিল প্রথম আলোতে তফিল উদ্দিনকে নিয়ে ‘এক পায়ে জীবনযুদ্ধ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি পড়ে প্রবাসী দম্পতি কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশরাফি তানভীর হোসেন ও তাঁর খালা যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক কাজী রিফাত আরা পারভীন তফিল উদ্দিনকে আর্থিক সহায়তা করতে এগিয়ে আসেন।
সহায়তা পেয়ে তফিল উদ্দিন বলেন, ‘প্রথম আলো পত্রিকায় খবর ছাপার পর কয়েকজন মানুষ মোবাইলে আমার সঙ্গে কথা বলেন। কথা বলার পর তাঁরা আমাকে সাহায্য করার কথা দেন। প্রথমে বিশ্বাস হয় না, এমন তো অনেকেই করেন। কাল (বুধবার) হাতে টাকা পাওয়ার পর, বিশ্বাস হয়েছে দেশে এখনো ভালো মানুষ আছে।’ তিনি জানান, সহায়তার টাকায় একটি ইজিবাইক কিনে নিজেই সেটা চালাতে শুরু করবেন। এক পা হলেও এখন শরীরের ওপর আর চাপ লাগবে না।
অনুষ্ঠানে প্রবাসী ওই দম্পতির পক্ষ থেকে বালিয়াডাঙ্গী উপজেলার পাঁচদেওয়াল গ্রামের প্রতিবন্ধী মো. বাদশা মিয়াকেও ৫০ হাজার টাকার সহায়তা দেওয়া হয়।