তবু অবৈধ গ্যাস-সংযোগ
আবাসিক গ্রাহকদের নতুন গ্যাস-সংযোগ দেওয়ার ঘোষণার পরও দুর্নীতি থামছে না। গ্যাসের অবৈধ সংযোগ দেওয়া-নেওয়া চলছেই।
ঢাকার সাতমসজিদ রোড থেকে কয়েকজন গ্রাহক প্রথম আলোর কার্যালয়ে এসে বলেন, গ্যাস-সংযোগ বন্ধ থাকা অবস্থায় তাঁরা অবৈধ সংযোগ নেননি। সরকার সংযোগ চালুর ঘোষণা দেওয়ার পর তাঁরা আবেদন করেছেন। কিন্তু তাঁদের প্রতিবেশী একটি ভবনে এক সপ্তাহ আগে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে মূল রাস্তা থেকে প্রায় ২০ মিটার নতুন পাইপ বসিয়ে।
তাঁরা বলেন, ওই ভবনের বাসিন্দারা তিন লাখ টাকা ঘুষ দিয়ে ওই অবৈধ সংযোগটি নিয়েছেন বলে তাঁরা জেনেছেন। এখন ওই ভবনের মালিকেরা অবৈধ সংযোগ নিয়েছেন স্বীকার করে তা বৈধ করার জন্য আবেদন করবেন। এতে তাঁদের সুবিধা হচ্ছে, সরকার তাঁদের সংযোগ বৈধ করতে যত সময়ই নিক তাতে তাঁদের অসুবিধা নেই। কারণ, তাঁরা তো গ্যাস ব্যবহার করছেনই।
অপরদিকে যাঁরা অবৈধ সংযোগ না নিয়ে এখন বৈধ সংযোগের জন্য আবেদন করছেন, তাঁরা কবে গ্যাস পাবেন, তার কোনো ঠিক নেই।
সাতমসজিদ রোডের এ ঘটনা বিতরণ কোম্পানি তিতাসের কর্মকর্তাদেরও অজানা নয়। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কোম্পানির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অবৈধ সংযোগের জন্য পাইপ বসানোর খবর শুনে তাঁরা সেখানে লোক পাঠিয়েছিলেন। কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে ওই অবৈধ কাজ বন্ধ করা যায়নি।
তবে কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নওশাদ আহমেদ বলেন, অবৈধভাবে সম্প্রসারিত বিতরণ লাইন থেকে যাঁরা সংযোগ নিচ্ছেন, তাঁদের চিহ্নিত করে রাখা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অফিস আদেশের মাধ্যমে কোম্পানির সব কার্যালয়কে এসব বিষয় জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দুর্নীতির মাধ্যমে অবৈধ সংযোগ দেওয়া-নেওয়ার ঘটনা জানা যাচ্ছে প্রতিদিন। ঢাকার বিভিন্ন এলাকা, গাজীপুর, নরসিংদী প্রভৃতি এলাকা থেকে এ ধরনের খবর পাওয়া যাচ্ছে। গাজীপুরের একজন গ্রাহক টেলিফোনে বলেন, তিনি গ্যাস-সংযোগের জন্য চাহিদাপত্র নিয়ে রেখেছেন সরকার সংযোগ বন্ধের ঘোষণা দেওয়ার আগে। সংযোগ চালু করার পর এখন পর্যন্ত তিনি সংযোগ পাননি। অথচ তাঁর পাশেই নতুন তৈরি হওয়া একটি ছয়তলা ভবনে গত বৃহস্পতিবার সংযোগ দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সেটিও অবৈধ সংযোগ। ওই বাড়ির মালিক এখন অবৈধ হিসেবে সংযোগের জন্য আবেদন করবেন। এতে তাঁর কিছু বাড়তি টাকা লাগছে ঠিকই, কিন্তু গ্যাস তো পেয়ে গেছেন। অথচ তিনি কবে পাবেন, তার ঠিক নেই।
তিতাসের কর্মকর্তারা বলছেন, যে গ্রাহকদের চাহিদাপত্র নেওয়া আছে তাঁরাই প্রথমে সংযোগ পাবেন। কিন্তু তা কবে, সে কথা নির্দিষ্ট করে তাঁরা বলতে পারছেন না। কারণ, কিছু সরঞ্জাম কেনা এবং ঠিকাদার নিয়োগে সময় লাগছে। এ কারণে সরকার সংযোগ চালু করার পর প্রায় এক মাস পার হওয়ার পরও কোনো বিতরণ কোম্পানি নতুন সংযোগ দেওয়া শুরু করতে পারেনি।
গ্রাহকদের অভিযোগ আছে ঠিকাদারদের বিরুদ্ধেও। কারণ, কোন ধরনের কাজের জন্য ঠিকাদার কত টাকা পারিশ্রমিক পাবেন, তা বিতরণ কোম্পানির নির্ধারণ করা থাকলেও ঠিকাদাররা গ্রাহকদের কাছে তার চেয়ে অনেক বেশি টাকা দাবি করছেন। অনেক গ্রাহক সংযোগ শুরু হওয়ার আগেই ঠিকাদারদের সঙ্গে চুক্তি করে রাখতে চাইছেন, যাতে একটু আগে সংযোগ পেতে পারেন।
তিতাসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, তিনি কয়েক দিন আগে ঠিকাদার সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করে সহনীয় অঙ্কের পারিশ্রমিক নেওয়ার জন্য অনুরোধ করেন। তাঁরা তাতে রাজিও হয়েছেন। বাড়ির অভ্যন্তরীণ বিভিন্ন কাজের জন্য ঢাকায় ঠিকাদারদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা আছে চার থেকে সাত হাজার টাকা। আর ঢাকার বাইরে সাড়ে তিন থেকে ছয় হাজার টাকা।
অবশ্য পারিশ্রমিকের এ হার ২০০৪ সালে নির্ধারণ করা হয়েছে। তাই এখন এর চেয়ে কিছু বেশি টাকা ঠিকাদাররা চাইতে পারেন বলে উল্লেখ করে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বলেন, সাত হাজারটা ১০ হাজার হতে পারে। কিন্তু ৪০ হাজার হতে পারে না।
আবেদন ফি নিয়ে বিভ্রান্তি: গ্রাহকদের অভিযোগ, নতুন সংযোগের জন্য সরকারি ফির হিসাব বিতরণ কোম্পানির একেক অফিস থেকে একেক রকম দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে নওশাদ আহমেদ বলেন, সরকারি ফি কোন ক্ষেত্রে কত হবে, প্রতিটি অফিসে তার তালিকা টানানো থাকা বাধ্যতামূলক। কোনো অফিসে গ্রাহকদের দৃশ্যমান স্থানে তা টানানো না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই তালিকায় ঠিকাদারের পারিশ্রমিক এবং গ্রাহককে যে সরঞ্জাম কিনতে হবে, তার দাম অন্তর্ভুক্ত থাকবে না।