তবু আড্ডাটা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর থেকে ঢাকার দূরত্ব বেশি নয়। তবু অনেক দিন প্রিয়ার ঢাকায় আসা হয় না। আজ যখন এলেন, পুরোনো বন্ধু আর কাছের মানুষগুলোর সঙ্গে দেখা হওয়ার সুযোগটা হাতছাড়া করতে চাইলেন না।
অনেক দিন পর প্রিয়া ফিরে এসেছেন তাঁর প্রিয় বিএফডিসি (বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন) ক্যানটিনে। চায়ের টেবিলে পুরোনো প্রিয়মুখদের সঙ্গে আড্ডা জমেছে। সেখানেই কথা হলো তাঁর সঙ্গে। প্রিয়া বললেন, ‘আগে মডেলিং করতাম। মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য নিয়মিত আসতাম এফডিসিতে। ক্যানটিনে বসতাম। এখন এই জগৎ থেকে দূরে সরে গেছি। তবু আসলাম পুরোনোদের সাথে দেখা করতে।’
বিএফডিসির ভিআইপি ক্যানটিন প্রতিষ্ঠানটির প্রায় সমবয়সী। ক্যানটিনের বর্তমান পরিচালক কবির হোসেন বললেন, স্বাধীনতার পর যখন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন হয়, এর কাছাকাছি সময়ে এই ক্যানটিনও প্রতিষ্ঠা হয়।
প্রতিষ্ঠার পর থেকেই শিল্পী ও কলাকুশলীদের আড্ডা-আলোচনায় মুখর থাকত ক্যানটিন। তবে গতকাল সন্ধ্যায় গিয়ে সেই জমজমাট ছবিটা পাওয়া গেল না। চারটি টেবিলের দুটিই ফাঁকা। কবির হোসেন বললেন, ‘এখন আগের মতো তো শুটিং নাই। কাজ নাই। তাই আগের মতো অত লোক হয় না।’
কিছু লোক তবু আসেন। যেমন এসেছেন জিল্লুর রহমান। বললেন, বিভিন্ন চলচ্চিত্রে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি। ২২ বছর ধরে এফডিসিতে যাওয়া-আসা। কিন্তু এখন তিনি বেকার। এফডিসিতে এখন কোনো কাজ নেই তাঁর। তবু কেন আসেন? এ প্রশ্নের জবাবে জিল্লুর বললেন, ‘একবার যার পেটে ফিল্মের ডাল পড়ছে, সে এখানে আসবেই।’
ক্যানটিনের নাম ভিআইপি ক্যানটিন কেন, সেই গল্পও বললেন জিল্লুর। ‘আগে এই ক্যানটিনে শুধু বড় আর্টিস্ট আর পরিচালকেরাই বসতে পারতেন। সহশিল্পীসহ অন্যরা বসতেন পাশের কলাকুশলী ইউনিয়নের ঘরে। তাই এর নাম ভিআইপি ক্যানটিন।’
বিএফডিসি ভিআইপি ক্যানটিন খোলা থাকে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। ক্যানটিনে সন্ধ্যার জনপ্রিয় নাশতা হলো পুরি আর গরুর মাংসের ঝোল। কবির বললেন, এটা চলে বেশি। আর চা তো আছেই। সারা দিন ধরেই চায়ের বিক্রি চলে। চা-নাশতার খোঁজে ক্যানটিনে এসেছিলেন সিনেমার অ্যাকশন দৃশ্যের পরিচিত মুখ নিরঞ্জন সরকার। এবারের ঈদের ছবি রক্ত আর শ্যুটার-এও কাজ করেছেন তিনি। বললেন, এই ক্যানটিনের খাবার ঘরের খাবারের মতো। তা খেতেই নিয়মিত আসেন তিনি।
ক্যানটিনের এক কোণে দলছুট হয়ে বসে ছিলেন আনিসুর রহমান। চলচ্চিত্রে প্রডাকশন ম্যানেজার হিসেবে কাজ করেন। বললেন, ‘আগে দিনে ১০ থেকে ১২ পার্টি শুটিং হইত। ক্যানটিনে ৭০-৮০ জন মানুষ সব সময় থাকত। এখন যারা আসে, তারা আসে পুরানো নেশায়।’