ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার কক্সবাজারে সাগর উপকূলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেড় হাজার জাটকা ইলিশ জব্দ ও ১৪টি ট্রলার থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় ওই ১৪ ট্রলারের মালিকের বিরুদ্ধে মামলাও করা হয়। কিন্তু তার পরও ইলিশ ধরা বন্ধ করা যাচ্ছে না। সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চলছে ইলিশ ধরার মহোৎসব।কক্সবাজার বোট মালিক সমিতির একটি সূত্র জানায়, বর্তমানে সাত হাজারের বেশি ট্রলার সাগরে মাছ ধরছে। তাদের জালে আটকা পড়ছে ইলিশ মাছ। গভীর রাতে এসব ইলিশ মাছ চুরি করে বিভিন্ন উপকূলে তোলা হচ্ছে।মৎস্য বিভাগ সূত্র জানায়, সাগরে মৎস্যভান্ডার রক্ষার স্বার্থে সরকার ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশ আহরণ, বিপণন, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রচার করে। এই আদেশ লঙ্ঘনকারীদের এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হবে। এরপর প্রত্যেকবার অপরাধের জন্য দ্বিগুণ হারে কারাদণ্ড ভোগ ও জরিমানার বিধান করা হয়েছে।গতকাল সকাল ১০টার দিকে শহরের বাঁকখালী নদীতে গিয়ে শতাধিক ট্রলার দেখা গেছে। বাকি কয়েক হাজার ট্রলার সাগরে মাছ ধরতে গেছে বলে জানান স্থানীয় জেলেরা।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ট্রলারের মালিক জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতেও বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাট দিয়ে কয়েক হাজার ইলিশ খালাস করে স্থানীয় চারটি মাছের ফ্যাক্টরিতে সংরক্ষণ করা হয়েছে।শহরের প্রধান পাইকারি মাছের বাজার নুনিয়াছটা ফিশারিঘাট মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি জয়নাল আবেদিন জানান, সরকার ইলিশ ধরা নিষিদ্ধ করলেও কতিপয় ট্রলারের মালিক তা ধরে বিক্রি করছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার বিকেল চারটায় উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ডের সদস্যরা মহেশখালী উপকূলের সোনাদিয়া সাগর চ্যানেলে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক জাটকা ইলিশ, বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জালসহ একটি ট্রলার জব্দ করেন। এ সময় ট্রলারের মালিক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।এ ছাড়া গতকাল সকাল ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বাঁকখালী নদী, মহেশখালী, সোনাদিয়া সাগর চ্যানেলসহ বিভিন্ন উপকূলে অভিযান চালিয়ে এক হাজার ৫৫০টি ইলিশ জব্দ ও ১৪টি ট্রলার থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন। মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।তবে কক্সবাজার বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল হক দাবি করেন, এখন যেসব ট্রলার ইলিশ নিয়ে ঘাটে ফিরছে, তারা নিষেধাজ্ঞা জারির আগেই ওই সব মাছ ধরেছিল। নতুন করে কোনো ট্রলার থেকে ইলিশ ধরা হচ্ছে না। ইলিশ না ধরার জন্য সব ট্রলারের জেলেদের বলে দেওয়া হয়েছে।জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে কয়েক হাজার ট্রলার ইলিশ ধরা বন্ধ করে দিয়েছে। হাটবাজারেও ইলিশ বিক্রি হচ্ছে না। গভীর সাগরে অবস্থানরত ট্রলারগুলো উপকূলের কাছাকাছি এলেই অভিযান চালানো হবে। ১১ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।