আমন ধান উৎপাদনে বরিশাল বিভাগে শীর্ষে পটুয়াখালী জেলা। অথচ এখান থেকে সরকার ধান-চাল কিনছে কম। জেলায় সরকারি বিভিন্ন প্রকল্পের জন্য চাহিদা রয়েছে প্রায় ৩০ হাজার মেট্রিক টন চাল। এ চালের বেশির ভাগই সংগ্রহ করা হচ্ছে উত্তরাঞ্চল থেকে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চাহিদা মেটানোর পরও প্রতিবছর পটুয়াখালীতে উৎপাদিত চালের কমপক্ষে ৫০ শতাংশ উদ্বৃত্ত থাকছে। বর্তমানে জেলার মোট জনসংখ্যা ১৮ লাখ ৯০ হাজার ৫২৯ জন। তাদের জন্য প্রয়োজন ৩ লাখ ৩৬ হাজার ৫০ মেট্রিক টন চাল। এ মৌসুমে জেলায় আমন উৎপাদন হয়েছে ৫ লাখ ৯১ হাজার ৪৮৭ মেট্রিক টন চাল। এ ছাড়া বোরো উৎপাদন হয়েছে আরও ৪ হাজার ৪৫৭ মেট্রিক টন। এরপরও সরকার এ জেলা থেকে খাদ্যশস্য কিনছে সামান্যই। ফলে কৃষক ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, সরকারি প্রতিষ্ঠান যেমন পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের লোকজনের রেশন, ভিজিডি, ভিজিএফ এবং ওএমএসসহ সরকারের বিশেষ প্রকল্পে জেলায় বার্ষিক চাহিদা ২৭ হাজার ৭৬ দশমিক ২১৪ মেট্রিক টন চাল ও ৪ হাজার ৫৯৮ দশমিক ৮৮ মেট্রিক টন গম। এ ছাড়া বর্তমানে খাদ্যবান্ধব কর্মসূচির পাঁচ মাসের জন্য চালের চাহিদা রয়েছে ১৭ হাজার ৭১২ দশমিক ৬০০ মেট্রিক টন। কিন্তু সরকার এ বছর এখান থেকে কিনেছে মাত্র ৩০৭ মেট্রিক টন চাল। বাকি খাদ্যশস্য উত্তরাঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক বলেন, জেলার চাহিদার বেশির ভাগ খাদ্যশস্য উত্তরাঞ্চল থেকে আনায় অতিরিক্ত পরিবহন ব্যয় হচ্ছে। এ অঞ্চল থেকে খাদ্যশস্য কম সংগ্রহ করায় কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে খাদ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, উত্তরাঞ্চলের বিভিন্ন গুদাম থেকে ট্রাকে করে চাল আসে সরকারি সরবরাহ কেন্দ্র সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাটে। গত বছর পটুয়াখালীতে ২৭ হাজার মেট্রিক টন চাল আসে সেখান থেকে। প্রতি টনে পরিবহন ব্যয় আড়াই হাজার টাকা হলে ২৭ হাজার মেট্রিক টন চাল আনতে খরচ হয়েছে ৬ কোটি ৭৫ লাখ টাকা। এ চাল এই অঞ্চল থেকে ক্রয় করলে অনেক অর্থ সাশ্রয় হতো।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মকলেচ আল-আমিন বলেন, দিনাজপুর জেলা ধান উৎপাদনে দেশের শীর্ষে। পটুয়াখালী বরিশাল বিভাগের শীর্ষে। এরপরও এখান থেকে ধান-চাল সংগ্রহ করা হয় কম। এখান থেকে ধান-চাল সংগ্রহ করা হলে পরিবহন খরচ বাবদ ব্যয় অনেক কমে যাবে। ধান বিক্রি করে কৃষকেরাও লাভবান হবেন।