
অকাল বন্যায় ফসল হারানোয় সুনামগঞ্জে হাওরের কৃষকদের হাতে টাকা ছিল না। তাই অনেকেই সন্তানদের এবার ঈদের নতুন জামা কিনে দিতে পারেননি। তবে এদের মধ্যে কিছু কৃষকের সন্তানেরা নতুন জামা পেয়েছে। তাদের জন্য ছিল আনন্দ আয়োজন। এতে ঈদ উৎসবের রঙে মেতে ওঠে তারা।
অনুষ্ঠানের আয়োজক হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থা নামের একটি সামাজিক সংগঠন। গত মঙ্গলবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর পাড়ের টেকেরঘাট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, অনুষ্ঠান শুরুর আগে শিশুদের নতুন পোশাক দেওয়া হয়। অনুষ্ঠানে শিশুরা গান, কবিতা, অভিনয়, কৌতুক, নাচ পরিবেশন করে। এতে এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি কাসমির রেজা বলেন, হাওরে ফসলহানির পর কৃষকেরা নিঃস্ব হয়ে গেছেন। শিশুদের নতুন জামাকাপড় কিনে দিতে পারেননি। ঈদে শিশুদের আনন্দের কোনো উপলক্ষ ছিল না। তাই ঈদ উৎসবকে আনন্দময় করে তুলতে শিশুদের নিয়ে এই আয়োজন করা হয়। এতে অংশ নেওয়া শিশুদের মুখে হাসি দেখে সবাই খুশি হয়েছেন। এলাকার প্রায় ৫০০ শিশু অনুষ্ঠানে অংশ নেয়। সাধারণ সম্পাদক পীযূষ পুরকায়স্থ জানান, অনুষ্ঠানে শিশুদের নানা ধরনের খেলনা দেওয়া হয়। এলাকার মানুষজনও শিশুদের নিয়ে এই আয়োজন করায় খুশি হয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খান বলেন, সুনামগঞ্জের হাওর এলাকার মানুষ ফসল হারিয়ে কষ্টে আছেন। তাঁদের এই কষ্টের দিনে কৃষক পরিবারের শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন প্রশংসার দাবি রাখে। ফসলহারা কৃষকদের পাশে সবাইকে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট এমসি কলেজের সহযোগী অধ্যাপক অরুণ চন্দ্র পাল, তাহিরপুরের জনতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম, তাহিরপুর সমিতি সিলেটের উপদেষ্টা আবদুল হাই প্রমুখ।
সুনামগঞ্জে গত এপ্রিলের পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফসল রক্ষা বাঁধ ভেঙে ১৫৪টি হাওরের বোরো ফসল তলিয়ে যায়। এতে জেলার সোয়া তিন লাখ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ফসলহারা এসব কৃষক পরিবারের লোকজন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন।